বিশ্বকাপের সুপার টেন থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। চার ম্যাচে তারা মাত্র একটি জয় পেয়েছে। দেশের মাটিতে পা রেখে তাই বিমানবন্দরেই তাদের দুয়ো শুনতে হয়েছে। পাকিস্তান সমর্থকদের ‘শেইম, শেইম’ ধ্বনিতে প্রকম্পিত হয়েছে বিমানবন্দর।

বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবি নিয়ে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তোপের মুখে রয়েছেন অধিনায়ক শহিদ আফ্রিদি ও কোচ ওয়াকার ইউনুস। তাদের দুজনেরই যে ভবিষ্যত ভালো নয় সেটা অনুমান করা যাচ্ছে।

তার আগে বুধবার এক ভিডিও বার্তায় বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির জন্য সনির্বন্ধ ক্ষমা প্রার্থনা করেছেন পাকিস্তানের অধিনায়ক শহিদ আফ্রিদি। তবে তার অবসরের বিষয়ে তিনি ভিডিও বার্তায় কিছু বলেননি।

ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, ‘যখন আমি মাঠে নামি তখন আমাদের সমর্থকদের কথা মাথায় রেখেই মাঠে নামি। আজ আমি শহিদ আফ্রিদি- বিশ্বকাপে পাকিস্তান দল ও আমার আশা পূর্ণ করতে না পারায় সমগ্র জাতির কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

তবে আফ্রিদির ভিডিও বার্তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচকভাবে সাড়া দিচ্ছেন সমর্থকরা।

সেখানে একজন ভারতের সমর্থক কমেন্ট করেন, ‘বুম বুম আফ্রিদি একজন বড় মাপের ক্রিকেটার। আমি একজন ভারতীয়। কিন্তু আমি আফ্রিদির মতো একজন অ্যাথলেটকে পছন্দ করি। আসুন তাদের সমর্থন করি, তাদের পাশে দাঁড়াই।’

১৯৯৬ সালে নিজের দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তারকা বনে যান আফ্রিদি। তার সেই রেকর্ড ১৭ বছর অক্ষুন্ন থাকে। সেই যে আফ্রিদির শুরু, তারপর কখনো তার জনপ্রিয়তা শূন্যের কোটায় নামেনি। এখনো দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন এই অলরাউন্ডার।

ওএফ