রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন রাফায়েল বেনিতেজ। রোববার সমর্থক ফোরামের সঙ্গে এক বৈঠকে ক্লাবের নতুন কোচের নাম ঘোষণা করেন স্প্যানিশ জায়ান্ট ক্লাবের সহ-সভাপতি এডুয়ার্ডো ফার্নান্দেজ ডি ব্লাস।
বড় কোন শিরোপা ছাড়া মৌসুম শেষ করায় গত সোমবার জনপ্রিয় কোচ কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করে রিয়াল মাদ্রিদ। ইতালীয় ওই কোচকে কেন বরখাস্ত করা হল, ক্ষুব্ধ সমর্থকদের এমন প্রশ্নের জবাবে ডি ব্লাস বলেন, এবার বেনিতেজের আগমনের অপেক্ষায় থাকুন।
মাদ্রিদের ক্রীড়া বিষয়ক দৈনিক পত্রিকা এএস-এ সম্প্রচার কারা বক্তব্যে ডি ব্লাস বলেন,‘কার্লো আনচেলত্তি কিংবদন্তীতুল্য একজন কোচ। আমরা তাকে ধন্যবাদ জানাই। তিন দিন আগেও আমার কাছে তিনি ছিলেন বিশ্বের সেরা কোচ। দুই বছর আগে হোসে মরিনহোও আমার কাছে তেমনটি ছিলেন। আগামী সপ্তাহ থেকে ওই আসনে অবস্থান করবেন রাফায়েল বেনিতেজ।’
এদিকে বেনিতেজও গত সপ্তাহে নিশ্চিত করেছিলেন যে ল্যাৎসিওর বিপক্ষে রোববারের গুরুত্বপূর্ণ ম্যাচ শেষে তিনি নাপোলি ছেড়ে দেবেন। দুই বছরের জন্য ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি, যা রোববার শেষ হয়েছে।
মাদ্রিদের যুব দলের কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করা ৫৫ বছর বয়সী বেনিতেজ এ পর্যন্ত শিরোপা পাইয়ে দিয়েছেন ভ্যালেন্সিয়া, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি ও নাপোলিকে। অবশ্য ১১ বছর আগে ভ্যালেন্সিয়া ছেড়ে লিভারপুলে যাবার আগে লীগ শিরোপা জয়ে ব্যর্থ হবার কারণে মাদ্রিদের অনেক সমর্থকই বেনিতেজের যোগ্যতা নিয়ে খুব একটা আশাবাদী নয়।
জেডআই





