বিবাহোত্তর সংবর্ধনার দ্বিতীয় পর্ব সারতে মঙ্গলবার নববধূকে সঙ্গী করে বগুড়া যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। বগুড়া তার জন্মস্থান।

ঈদ এবং পূজার ছুটির পর আগামী ১০ অক্টোবর বগুড়াতেই অনুষ্ঠিত হবে মুশফিক দম্পত্তির বিবাহত্তোর সংবর্ধনার দ্বিতীয় অনুষ্ঠান। প্রথম অনুষ্ঠানটি ইতোমধ্যেই ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

মুশফিকের বাবা মাহবুব হামিদ বলেছেন, ‘আগামী মাসের (অক্টোবর) ১০ তারিখে বগুড়ায় বড় আয়োজনে বিবাহত্তোর সংবর্ধনার অনুষ্ঠান করা হবে। দুই পরিবারের লোকজন ছাড়াও বিশেষ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন সেখানে।’

গত বছর অক্টোবরে জান্নাতুল কিফায়াত মন্ডিকে আংটি পরিয়েছিলেন মুশফিক। আর গত ২৫ সেপ্টেম্বর বিয়ে সম্পন্ন হয়েছে এই জুটির। তবে মধুচন্দ্রিমায় এখনই যাওয়া হচ্ছে না মুশফিক-মন্ডির। কারণ, সামনে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ। এরপর আবার আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি; সবমিলিয়ে আগামী কয়েকটি মাস ব্যস্ত সময় কাটাতে হবে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ককে।

আপাতত তাই মধুচন্দ্রিমার চিন্তা-ভাবনা সরিয়ে রাখতে হচ্ছে মুশফিক-মন্ডি জুটিকে। মাহবুব হামিদ বলেছেন, ‘এখনই তাদের কোথাও যাওয়া হচ্ছে না। সামনে ক্রিকেটের ব্যস্ততা বেশি। হয়তো বিশ্বকাপের পর বিদেশের কোথাও মধুচন্দ্রিমা সারতে যাবে তারা।’

জীবনের নতুন ইনিংস শুরু করেছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে। অনেক ব্যস্ততার মধ্যে সময় বের করে শুভ কাজটি শেষ করেছেন গত ২৫ সেপ্টেম্বর।

বেইলি রোডের লেডিস ক্লাবে গত বৃহস্পতিবার মুশফিক-মন্ডি জুটির বিবাহ অনুষ্ঠিত হয়। তার এক দিন আগে বৃষ্টিভেজা রাতে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশেই অনুষ্ঠিত হয়েছে এই জুটির গায়ে হলুদের অনুষ্ঠান। আর ২৭ সেপ্টেম্বর আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠান।

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ