আইপিএল থেকে ফেরার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো নেটে বোলিং শুরু করেছেন পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের তরুণ পেসার নেটে ফেরায় সবচেয়ে খুশি সম্ভবত ইংলিশ কাউন্টি দল সাসেক্স। তাকে দলে পেতে যে মরিয়া হয়ে আছে দলটি। সাসেক্সের কোচ মার্ক ডেভিস তো জানিয়ে দিলেন, দলের পরের ম্যাচেই মাঠে নামবেন মুস্তাফিজ!
আগামী ১৫ জুলাই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্সের ম্যাচ আছে হ্যাম্পশায়ারের বিপক্ষে। ওই ম্যাচেই সাসেক্সের হয়ে মুস্তাফিজ খেলবেন বলে আশাবাদী ডেভিস। শুধু টি-টোয়েন্টিই নয়, মুস্তাফিজকে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপেও খেলাতে চান তিনি। ওয়ানডে কাপের শেষ চারটি ম্যাচে মুস্তাফিজকে পাওয়ার কথা জানিয়েছেন ডেভিস। তাদের পরিকল্পনা, তারা যদি এই দুই টুর্নামেন্টে নকআউট পর্বে যায় তাহলে মুস্তাফিজকে রেখে দেবে।
ডেভিড বলেছেন, ‘ফিজকে বোঝা আসলেই খুব কঠিন। আইপিএলের পর ওর পুনর্বাসন প্রত্যাশিত সময়ের চেয়ে বেশি সময় নিচ্ছে। তাছাড়া বাড়ি ফেরার পর আবারও বাড়ি ছেড়ে আসাটাও ওর জন্য কঠিন হয়ে গেছে।’ সঙ্গে তিনি যোগ করেন ‘তারপরও শেষ পর্যন্ত ওকে পাওয়াটা আমাদের জন্য হবে দারুণ কিছু। আমি মনে করি, এই মুহূর্তে সে বিশ্বের অন্যতম সেরা ব্যতিক্রমী ও রোমাঞ্চকর বোলার। ইংল্যান্ডের মাঠে ওর অভিজ্ঞতা আমাদের অনেক কাজে দেবে, ওর নিজের জন্যও ভালো হবে।’
আইপিএল থেকে দুটি চোট নিয়ে ফিরেছিলেন মুস্তাফিজ। একটি সমস্যা ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে, অন্যটি অ্যাঙ্কেলের নিচের দিকে। মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে ৯ জুন থেকে। দুই সপ্তাহ পর বৃহস্পতিবার প্রথমবারের মতো বল হাতে নেন কাটার মাস্টার। এর পরই তাকে দলে পেতে নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছে সাসেক্স।
তথ্যসূত্র: কাউন্টি টাইমস।
এআই





