বাংলাদেশের অফ স্পিনারদের তাণ্ডবের আভাস গতকাল শুক্রবারই দিয়েছিলেন মঈন আলী। বাধ্য হয়েছিলেন টাইগারের প্রশংসায়। তবে, সেটি যে এতটা ভয়াবহ হবে সেটা কি বুঝতে পেরেছিলেন তিনি? সফরকারী ইংল্যান্ড ইনিংসে ধ্বংসলীলার আভাস শুক্রবার শেষ বিকালে দিয়ে রেখেছিলেন টাইগার বোলাররা। তা দেখেই হয়তো কিছুটা উপলব্ধি করতে পেরেছিলেন মঈন।
আজ শনিবার দিনের খেলা শুরু হতে না হতেই বাংলাদেশি এক অফ স্পিনারের বলেই আউট হয়ে ফিরলেন। বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট সিরিজটা অনুসরণ করলে স্পিনারটার নামও অনুমান করে ফেলার কথা। হ্যাঁ, মেহেদী হাসান মিরাজের বলেই দিনের শুভ সূচনা হলো বাংলাদেশের। মঈনের পর তাঁর বলে ফিরেছেন আরও দুজন—জনি বেয়ারস্টো ও জাফর আনসারী।
শনিবার শুরুতেই ভাবেই মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম মিরপুরে ঢাকা টেস্টের সকালটা নিজেদের করে নিলেন।

৩ উইকেটে দলের ৫০ রান নিয়ে শুরু করেন জো রুট ও মঈন আলী। দলীয় ৬৪ রানে মঈন আলীকে (১০) ক্লিন বোল্ড করে ফেরান মিরাজ।
এরপর দলীয় ৬৯ রানে বেন স্টোকসকে (০) মুমিনুলের ক্যাচ বানিয়ে ফেরান তাইজুল। সেখান থেকে জো রুট ও জনি বেয়ারস্টো দলের হাল ধরেন।
এক পর্যায়ে মনে হচ্ছিল, এই জুটি উইকেটে থিঁতু হতে চলেছে। কিন্তু ৪৫ রানের এই জুটি আবারও ভাঙেন মিরাজ। দলীয় ১১৪ রানে বেয়ারস্টোকে এলবিডব্লিউ করে নিজের চতুর্থ শিকার তুলে নেন তিনি। আর দলীয় ১৪০ রানে জাফর আনসারিকে দ্বিতীয় স্লিপে শুভাগত হোমের তালুবন্দি করে মিরাজ ঢাকা টেস্টেও পঞ্চম শিকার পূর্ণ করেন।
সর্বশেষ ইংল্যান্ডের সংগ্রহ ১৪০/৭। জো রুট ৫৩ এবং ক্রিস ওকস শূন্য রানে ক্রিজে আছেন।
কেবি





