অবশেষে নাইজেরিয়া ফুটবল ফেডারেশনকে (এনএফএফ) বহিষ্কার করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এনএফএফের কাজে 'সরকারের হস্তক্ষেপের' জেরে বুধবার এ সিদ্ধান্ত নিয়েছে ফিফার ইমার্জেন্সি কমিটি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার এক বিবৃতিতে এ বহিষ্কারাদেশের কথা জানিয়েছে ফিফা।
ব্রাজিল বিশ্বকাপে অংশ নিয়ে নাইজেরিয়ার ফুটবলাররা দেশে ফেরার পর গত সপ্তাহে ফুটবল ফেডারেশনের সভাপতি অ্যামিনু মিগারিকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে গ্রেফতার করা হয়। খেলোয়াড়দের পাওনা নিয়ে দেশকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলার জন্য সরকারের পক্ষ থেকে ফেডারেশনকে দায়ী করা হয়।
এ সিদ্ধান্ত 'সংশোধন'র জন্য নাইজেরিয়াকে ৪ দিনের সময় দিয়েছিল ফিফা। কিন্তু এ ব্যাপারে কোনো সাড়া না পাওয়ায় এনএফএফকে বহিষ্কার করেছে ফিফা।
ফিফা জানিয়েছে, যতক্ষণ না এনএফএফের কার্যকরী কমিটি সঠিকভাবে নির্বাচিত হচ্ছে, কোনও হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে পারছে, ততক্ষণ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই সময়ের মধ্যে নাইজেরিয়া জাতীয় দল তো বটেই, কোনও ক্লাবও দেশীয় বা আম্তর্জাতিক ফুটবলে অংশ নিতে পারবে না।
ব্রাজিল বিশ্বকাপে বেশি দূর এগোতে না পারলেও আফ্রিকার দলগুলোর মধ্যে সবচেয়ে ভালো খেলেছে নাইজেরিয়া।
এই নিষেধাজ্ঞার ফলে আসন্ন ফিফা অনূর্ধ-২০ নারী বিশ্বকাপে অংশ নিতে পারবে না নাইজেরিয়া। ৪-২৫ আগস্ট কানাডায় বসছে এই আসর।
ঢাক, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





