গত দুটি বিশ্বকাপেই কোয়ার্টার ফাইনালের বাঁধা পেরুতে পারেনি লিওনেল মেসির আর্জেন্টিনা। এবার মেসির নেতৃত্বে সেই বাধা পেরিয়ে নতুন ইতিহাস লেখার স্বপ্ন তাদের। আর সেই স্বপ্ন পূরণে শনিবার সেমিফাইনালের ওঠার লড়াইয়ে নামবে ম্যারাডোনার উত্তরসূরিরা। প্রতিপক্ষ বেলজিয়ামকে এই ম্যাচে না হারাতে পারলে ব্রাজিল বিশ্বকাপে শেষ নিশ্বাস নিবে মেসিরা। বাংলাদেশ সময় শনিবার রাত ১০টায় শুরু হবে তাদের লড়াই।

২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেললেও তখন মেসি আজকের মেসি হয়ে ওঠেননি। ২০১০ বিশ্বকাপে দলের আইকন হিসেবেই দক্ষিণ আফ্রিকায় এসেছিল মেসি। তার গুরু আর্জেন্টিনাকে সর্বশেষে বিশ্বকাপ জেতানো ম্যারাডোনা। কিন্তু মেসি আলো ছড়াতে পারেননি। গোলের খাতাই খুলতে পারেননি। আর তার দল বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে।

চার বছর পর সেই মেসির নেতৃত্বে নতুন আশায় বুখ বেঁধেছে আর্জেন্টিনা। এবার নামের সুবিচার করেছেন চারবারের বর্ষসেরা ফুটবলার। গ্রুপ পর্বের তিন ম্যাচে চার গোল করেছেন। শেষ ষোলোর লড়াইয়ে তার দুর্দান্ত পাস থেকেই গোল পেয়েছেন ডি মারিয়া।

এবার বেলজিয়ামের বিপক্ষে জিতলে ১৯৯০ বিশ্বকাপের পর প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করবে লাতিন দেশটি। তবে বেলজিয়ামও কম শক্ত দল নয়। তাদের দলে রয়েছে ইডেন হ্যাজার্ড ও লুকাকুদের মতো তারকা। গ্রুপ সেরা হয়েই শেষ ষোলো নিশ্চিত করেছিল তারা। যদিও আর্জেন্টিনার মতোই অতিরিক্ত সময় গোল পেয়ে শেষ আটের টিকিট পেয়েছে দলটি।

তবে মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে নেই বেলজিয়াম। এখন পর্যন্ত ৪ বারের লড়াইয়ে ৩ বার জিতেছে আর্জেন্টিনা। বাকিটি জয় বেলজিয়ামের। গোল সংখ্যার দিক থেকেও এগিয়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বেলজিয়াম ১০ গোল হজম করলেও মাত্র ৪ বার আর্জেন্টিনার জালে বল জড়াতে পেরেছে।

তবে বিশ্বকাপে পরাশক্তিদেরকে হারানোর রেকর্ড আছে বেলজিয়ামের। ব্রাজিল, জার্মানিকে হারিয়েছিল। আর ২০০২ বিশ্বকাপে ডিফেডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়েছিল তারা।

বিশ্বকাপে বেলজিয়ামের বড় সাফল্য ১৯৮৬ বিশ্বকাপ। আর্জেন্টিনার দ্বিতীয় শিরোপা জয়ের বছর চতুর্থ হয়েছিল দলটি।

এই ম্যাচের আগে পরিসংখ্যানে এগিয়ে থাকলেও আর্জেন্টিনা দলে চোট সমস্যা রয়েছে। দলের অন্যতম সেরা তারকা সার্জিও অ্যাগুয়েরার মাঠে নামা এখনো নিশ্চিত নয়। তার জায়গায় ভরসা ইজিকুয়েল লাভেজ্জি। এদিকে টুর্নামেন্টে দুটি হলুদ কার্ড দেখায় কোয়ার্টার ফাইনালের ম্যাচে নিষিদ্ধ হয়েছেন মার্কোস রোজো। এই লেফট ব্যাকে জায়গা পূরণ করতে মারিয়া বাসান্তাকে বেছে নিতে পারেন কোচ সাবেলা।

চোট সমস্যা রয়েছে বেলজিয়াম দলেও। ডিফেন্ডার অ্যান্টোনি বোরি ও লরেন্ট সিমান চোট নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তবে তাদেরকে ছাড়াই শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল মার্ক উইলমটসের শিষ্যরা।

স্ট্রাইকার লুকাকু ও ওরিগির কাকে একাদশে সুযোগ দিবেন, তা নিয়ে কিছুটা সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন কোচ। কারণ তারা উভয়ই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।

ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেডআই