শক্তির বিচারে দুই দলের মধ্যে দুস্তর ব্যবধান। ইউরোপের ইতিহাসে সবচেয়ে সফলতম দল রিয়াল, আর লেগিয়া ওয়ারশ কখনো শিরোপার কাছেও যেতে পারেনি। তার পরেও পোল্যান্ডের চ্যাম্পিয়ন দলটির বিপক্ষে সাবধানেই পা ফেলতে শিষ্যদের নির্দেশ দিয়েছিলেন কোচ জিনেদিন জিদান।
কথায় আছে, ‘পঁচা শামুকেও পা কাটে’। সাবধানে পা ফেলার ফলও পেয়েছে জিদানের দল। চ্যাম্পিয়নস লিগের খেলায় লেগিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। স্বাগতিক রিয়ালের হয়ে গোলগুলো করেছেন গ্যারেথ বেল, জডলুইস (আত্মঘাতী), মারকো আসেনসিও, লুকাস ভারকুইজ ও আলভারো মোরাতা।
এই জয়ের পরেও চলতি চ্যাম্পিয়নস লিগের ‘এফ’- গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠতে পারেনি রিয়াল। দুইয়ে অবস্থান করছে তারা। তিন ম্যাচ খেলে দুটি জয় ও একটিতে ড্র নিয়ে তাদের ঝুলিতে জমা পড়েছে ৭ পয়েন্ট।
রিয়ালের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে তালিকার শীর্ষে বরুশিয়া ডর্টমুন্ড। আর লেগিয়া বড় দুর্ভাগা, তিন ম্যাচ খেলেও কোনো পয়েন্ট অর্জন করতে পারলো না। তিনে থাকা স্পোর্টিং লিসবন অন্তত তিনটি পয়েন্ট ভাণ্ডারে জমা করেছে।
এমএনজে





