এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্ব সেপ্টেম্বরের ১৩ থেকে ২৫ তারিখ অনুষ্ঠিত হবে । আগামী বছর ২০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে যোগ দেবে কোয়ালিফাই করা দলগুলো।
বৃহস্পতিবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে ড্র। বাংলাদেশের মেয়েরা বাছাই পর্বে ‘জি’ গ্রুপে পড়েছে। সেখানে বাংলাদেশ, জর্ডান ও ইরান পড়েছে একই গ্রুপে।
বাংলাদেশ নিজেদের গ্রুপের খেলা নিজ দেশেই আয়োজন করবে। বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘এটা নিশ্চিত যে, আমাদের গ্রুপের খেলা আমরা আয়োজন করব।’
কিরণ আরোও বলেন, ‘এখন এসব খেলা সেপ্টেম্বরে হবে কি না তা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। আবার খেলা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেও হওয়া অনিশ্চিত। কারণ তখন মাঠের সংস্কার কাজ চলবে। বঙ্গবন্ধুতে না হলে আমার ঢাকার বাইরে ম্যাচ আয়োজন করব।’
উল্লেখ্য, ২৮ দেশের এই টুর্নামেন্টে করা হয়েছে ৮টি গ্রুপ। যেখানে চার গ্রুপে আছে ৪ দল করে এবং চার গ্রুপে আছে ৩ দল করে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল টিকিট পাবে ভারতে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বের।
হোসাইন নূর





