বেশি দিন আগের কথা নয়। চার মাস আগে বিশ্বকাপে দাপট দেখানোর পর বাংলাদেশের সামনে ছয়টি টেস্ট খেলুড়ে দল ছিল, যাদের বিপক্ষে সিরিজ জেতা হয়নি টাইগারদের। কিন্তু সেটাকে এবার তিনে নামিয়ে নিলেন মাশরাফিরা।
বাংলাদেশ প্রথম দ্বিপক্ষীয় সিরিজ জয়ের স্বাদ পায় ২০০৫ সালে। জিম্বাবুয়েকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল হাবিবুল বাশারের দল। এরপর লাল-সবুজের দল জিতেছে মোট ১৯টি ওয়ানডে সিরিজ।
আটবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। দুটি করে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও কেনিয়ার বিপক্ষে। আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষেও একটি করে সিরিজ জয়। আর বিশ্বকাপের পর নতুন করে যুক্ত হল পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা।
টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে এখন বাকি রইল তিন দল। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। দিন যেভাবে গড়াচ্ছে, হয়তো তাদের নাম কেটে দিতেও বেশি দিন লাগবে না।
জেডআই





