বিশ্বকাপের পর আবারো তেজদীপ্ত বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষে পাকিস্তানের টি-টোয়েন্টি লিগেএ খেলেছেন তামিম। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের তথা প্রথম বাংলাদেশী হিসেবে সেঞ্চুরির কৃতিত্ব রয়েছে তামিমের। লিগ শুরুর আগের প্রস্তুতি ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন এই বাঁ-হাতি এই ওপেনার।
মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
রানে থাকা তামিম ইকবাল লিগের প্রথম ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে বড় রান করতে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে রানের ধারায় ফিরেছেন। যদিও ১০ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন বাংলাদেশের এই হার্ড হিটার ব্যাটসম্যান।
এদিন ৯০ রান করে শেখ জামালের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের বলে সাইফুল ইসলামকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তামিম ইকবাল। আউট হওয়ার আগে ৯১ বলে ১১ চারে তিনি তার ইনিংসটি সাজিয়েছেন। এর আগের ম্যাচে তামিম ইকবাল করেছিলেন ৭ রান।
তামিম ইকবালের ৯০, ভারতীয় ব্যাটসম্যান উদয় কাউলের ৬২, নাজমুল হোসেন শান্তর অপরাজিত ৫২ এবং মোসাদ্দেক হোসেনের অপরাজিত ৪৬ রানে ভর করে শেখ জামালের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ২৮৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় আবাহনী।
এমআইএস





