শ্রীলঙ্কার সঙ্গে ঢাকা টেস্টে শোচনীয় হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বিশেষভাবে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে হার নতুন না হলেও সাম্প্রতিক সময়গুলোতে সন্তোষজনক পারফর্ম করে যাওয়া টাইগারদের জন্য এ পরাজয় অনাকাঙ্ক্ষিত। এর আগে অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে আরও ৭ বার ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
ঢাকা টেস্টে ইনিংস ও ২৪৮ রানে হারেন মুশফিকরা। সফরকারীদের সঙ্গে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
শেষ টেস্ট ভালো করার জন্যে শুক্রবার সকাল থেকেই অনুশীলনে ঘাম ঝরায় মুশফিক বাহিনী। ঢাকা টেস্টের হারের কারণ হিসেবে ব্যাটিং-ফিল্ডিংকেই দায়ী করেন অধিনায়ক মুশফিক। দ্বিতীয় টেস্টে যেন ব্যাটিং-ফিল্ডিংকে দায়ী করতে না হয় সেজন্য, বোলিংয়ের ধারালো করার পাশাপাশি নিজেদের ব্যাটিং লাইনআপকে আরও পাকা-পোক্ত করার লক্ষ্যে অনুশীলন করতে দেখা যায় স্বাগতিকদের।
দ্বিতীয় টেস্টের পর ১২ ও ১৪ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি সিরিজের দু'টি ম্যাচ একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে হোম অব ক্রিকেট মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।
দ্বিতীয় টেস্টের জন্য টাইগার দলে কোনো পরিবর্তন হয়নি।
অধিনায়ক মুশফিকুর রহিম, সহ-অধিনায়ক তামিম ইকবাল, মার্শাল আইয়ুব, সাকিব আল হাসান, নাসির হোসেন, মুমিনুল হক, শামসুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সোহাগ গাজী, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, আল আমিন হোসেন ও রবিউল ইসলাম।
ঢাকা,৩১জানুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই