বাংলাদেশ ক্রিকেট দলের সীমিত পরিসরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অবসরের বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। একাধিক সংবাদমাধ্যমও বিভিন্ন সময়ে মাশরাফিকে অবসর নিয়ে প্রশ্ন করেছেন। মাশরাফি পাশ না কাটিয়ে প্রতিবারই বলেছেন, ‘এখনো এগুলো নিয়ে চিন্তার সময় আসেনি’ কখনো বা বলেছেন,‘কে বলল আমি অবসরে যাচ্ছি?’, ‘আপনি কোথা থেকে শুনলেন আমি অবসরে যাচ্ছি?’ ইত্যাদি।

শুক্রবারও একই ধরণের প্রশ্নের মুখোমুখি মাশরাফি। প্রশ্নকর্তা জানতে চাইলেন, আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি কি আপনার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে?

এতদিন তো শুধু টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের প্রশ্ন উঠেছিল। শুক্রবার প্রশ্নকর্তা জানতে চাইলেন আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার নিয়ে। মাশরাফির এদিনও সোজাসাটা উত্তর দিয়ে বললেন, বাসায় গিয়ে ক্যারিয়ার নিয়ে ভাবব।

এখনো রীতিমতে নিজের সাথে যুদ্ধ করে খেলে যাচ্ছেন ৩৩ বছর বয়সি এ ক্রিকেটার। নিজের দুই পায়ে সাতটি অপারেশন করে এখনো খেলে যাচ্ছেন তিনি। পায়ে সাতটি অপারেশন না হলে তার ক্যারিয়ার আরো দীর্ঘ হতে পারত। ১৬০টি ওয়ানডে খেললেও টেস্ট খেলেছেন মাত্র ৩৬টি। টি-টোয়েন্টি খেলেছেন ৪৮টি। ওয়ানডে ও টি-টোয়েন্টি চালিয়ে গেলেও ২০০৯ সালের পর এখন পর্যন্ত লাল বল হাতে দৌড়ানো হয়নি নড়াইল এক্সপ্রেসের।

 

এমআইএস।