এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে হারের প্রতিশোধ যেন গ্রানাডার উপর নিল রিয়াল মাদ্রিদ। আর গোলের ক্ষোভটা বেশিই মিটালেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিপক্ষের জালে পাঁচবার বল জড়িয়েছেন তিনি। তার এই গোলের সুবাদে ৯-১ গোলের ব্যবধানে জিতেছে লস ব্লাঙ্কোসরা।
রোববার স্যান্টিয়াগো বার্নব্যুতে গ্রানাডাকে ভিন্ন স্বাদের আতিথেয়তা করাল রিয়াল। সফরকারীদের জালে গোলবন্যা উদযাপন করেছে দলটি। বিপরীতে মাত্র একটি তাদের জালে বল জড়াতে পেরেছে গ্রানাডা।
রিয়ালের হয়ে এদিন গোলের সূচনা করেন দেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা গ্যারেথ বেল। খেলার ২৫ মিনিটে দলকে লিড এনে দেন তিনি।
এরপর শুরু হয় রোনালদোর তাণ্ডব। শেষও করেছেন তিনি। খেলার ৩০ মিনিটে দলের লিডকে ডাবলে নিয়ে যান এই তারকা। ৩৬ ও ৩৮ মিনিটে পর পর দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ফিফা ব্যালন ডি'অর জয়ী রোনালদো।
বিরতির আগে আর কোনো গোল না হওয়ায় ৪-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে রিয়াল মাদ্রিদ।
বিরতির পর খেলার ৫২ মিনিটে ব্যবধান ৫-০ করেন করিম বেনজেমা। এর দুই মিনিটের মাথায় নিজের চতুর্থ গোল করেন রোনালদো। সেই সঙ্গে মেসিকে টপকে মৌসুমে সর্বোচ্চ গোলদাতার জায়গায় দখল করেন।
খেলার ৫৬ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন বেনজেমা। ফলে ৭-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
এরপর কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যদের গোল মহড়া থেমে যায়। তবে শুরু করেন সফরকারী গ্রানাডা। খেলার ৭৪ মিনিটে একটি গোল শোধ করে দেন ইভানেজ।
৮৩ মিনিটে আরেকটি গোল করেন গ্রানাডার মায়াঞ্জ। কিন্তু তার গোলটি আত্মঘাতী হওয়া ব্যবধান ফের বেড়ে যায়। ৮-১ গোলে এগিয়ে থাকে রিয়াল।
এভাবেই খেলা শেষ হতে পারত। কিন্তু তা করতে দেননি বর্ষসেরা ফুটবলার রোনালদো। ৮৯ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন তিনি। ফলে ৯-১ গোলে জয় পায় ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা।
শেষ গোলের সুবাদে মোট ৩৪ গোল নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। তারপরের স্থানে থাকা মেসির গোলসংখ্যা ৩২। সমান ১৭টি করে গোল নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন বাসসা ও নেইমার।
এদিকে জয়ের পর ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ২৯ ম্যাচে ৬২ পয়েন্ট অর্জন করেছে তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ।
জেডআই





