কখনো মেসির গুরু হননি। উল্টো লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবেই কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। কিন্তু সেই মেসির প্রশংসায় পঞ্চমুখ চেলসি বস মরিনহো।

তিনি বলেছেন, লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে গেলে ইউরোপীয়ান ফুটবলের চেহারা আজীবনের জন্য পাল্টে যাবে।

গত এক দশকে কাতালান জায়ান্টদের সাফল্য পুরোটাই ছিল মেসিময়। অন্যান্য অনেক শিরোপার পাশাপাশি মেসির কল্যাণে বার্সেলোনা তিনবার চ্যাম্পিয়নস লীগ ও ছয়বার লা লিগার শিরোপা জিতেছে।

২০১২ সালে পেপ গার্দিওলার বার্সেলোনাকে পরাজিত করে মরিহোর অধীনে রিয়াল মাদ্রিদ লা লিগার শিরোপা জিতেছিল।

স্পেন ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমালেও মরিনহো সবসময়ই মেসির ভক্ত ছিলেন এবং আছেন। সবসময়ই তিনি বিশ্বাস করেন ২৭ বছর বয়সী মেসির কারনেই ক্যাম্প ন্যু’র ক্লাবটি দীর্ঘদিন ধরে সাফল্য পেয়ে আসছে।

স্থানীয় পত্রিকায় মরিনহো বলেছেন, ‘দশ বছরের মধ্যে মেসিকে ছাড়া ইউরোপীয়ান ফুটবলের মানচিত্রের আমূল পরিবর্তন হবে। গত কয়েক বছর বার্সেলোনা ফ্র্যাংক রাইকার্ড, পেপ গার্দিওলা এবং লুইস এনরিকের অধীনে শিরোপা জিতেছে ঠিকই, কিন্তু সব সাফল্যের মূলে ছিলেন মেসি।’

মৌসুমের শুরুতে মেসির ভবিষ্যত নিয়ে গুজব উঠেছিল হয়তবা তিনি চেলসিতে যোগ দিতে যাচ্ছেন। কিন্তু মরিনহো সেই সম্ভাবনাকে একেবারেই নাকচ করে দিয়েছেন।

জেডআই