নিদাহাস ট্রফি জয়ের অন্তিম লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াই-ই চালাচ্ছে বাংলাদেশ ও ভারত। জয়ের জন্য ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত লড়ছিল মূলত অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে ভর করে। কিন্তু ১৪তম ওভারে ৫৬ রান করা রোহিতকে আউট করে জয়ের আশা জোরদার করেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় ১৪ ওভার শেষে ভারতের স্কোর : ১০৪/৪।
শুরুতে ব্যাটিং করে বাংলাদেশ স্কোরবোর্ডে জমা করেছে ১৬৬ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খেয়েছে ভারত। স্কোরবোর্ডে ৩২ রান জমা করতেই সাজঘরে ফিরেছেন শিখর ধাওয়ান ও সুরেশ রায়না। তবে ৪২ বলে ৫৬ রানের রানের ইনিংস খেলে বাংলাদেশের বোলারদের ভালোই ভুগিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। দশম ওভারে ২২ রান করা লোকেশ রাহুলকে আউট করে অবশ্য বাংলাদেশ শিবিরে আশা জাগিয়েছেন রুবেল হোসেন। ১৪তম ওভারে রোহিতকে আউট করে সেই আশা আরও জোরদার করেছেন নাজমুল ইসলাম অপু।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে বাংলাদেশও অবশ্য পড়েছিল ব্যাটিং বিপর্যয়ের মুখে। ৩৩ রান সংগ্রহ করতেই হারিয়েছিল তিন উইকেট। তবে এরপর সাব্বির রহমানের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ১৬৬ রানের সম্মানজনক সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। ১৯তম ওভারে ৫০ বলে ৭৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছিলেন সাব্বির। ২১ রান করে দুর্ভাগ্যবশত রানআউটের ফাঁদে পড়েছেন মাহমুদউল্লাহ। আর শেষপর্যায়ে মেহেদী হাসান মিরাজ খেলেছেন সাত বলে ১৯ রানের ছোট্ট কিন্তু মহাগুরুত্বপূর্ণ ইনিংস।
ভারতের পক্ষে দারুণ বোলিং করেছেন যুবেন্দ্র চাহাল। ৪ ওভার বল করে মাত্র ১৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন এই লেগস্পিনার। ৪ ওভার বল করে মাত্র ২০ রান দিয়ে একটি উইকেট শিকার করেছেন ওয়াশিংটন সুন্দর। দুটি উইকেট গেছে জয়দেব উনাদকাটের ঝুলিতে।
এবি সিদ্দিক





