কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওকে মৌসুমব্যাপী ধারে খেলতে নিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। মোনাকো থেকে দলে নেয়া হচ্ছে এই তারকা। সোমবার এ সংবাদ পরিবেশন করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো।

হাঁটুর গুরুতর ইনজুরির কারণে ব্রাজিল বিশ্বকাপে খেলতে পারেননি ফ্যালকাও। তবে ২৮ বছর বয়সি এই ফরোয়ার্ডকে দলে পেতে বেশ তৎপরতা চালিয়েছিল রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের মত শীর্ষস্থানীয় ক্লাবগুলোও। কিন্তু স্থায়ীভাবে কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ হননি তিনি।

ফ্যালকাওকে ধারে খেলানোর ফি বাবদ মোনাকোকে ১২ মিলিয়ন পাউন্ড প্রদানের ব্যাপারে ম্যানচেস্টার ইউনাইটেড রাজি হয়েছে বলে প্রেস এসোসিয়েশনের রিপোর্টে বলা হয়েছে। মোনাকোর সঙ্গে ২০১৮ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছেন কলম্বিয়ার হয়ে ৫১ ম্যাচ থেকে ২০ গোল করা ফ্যালকাও।

ইনজুরি থেকে ফেরার পর মৌসুমের শুরুতে তিন ম্যাচে অংশ নিয়ে দুই গোল করেছেন তিনি। তবে শনিবার অনুষ্ঠিত লিগ ওয়ানের ম্যাচে ফ্যালকাও বিহীন মোনাকো ১-১ গোলে ড্র করে লিলির সঙ্গে। এই চুক্তিটি যদি সত্যিকার অর্থেই সম্পন্ন হয় তাহলে লুইস ভ্যান গল হবেন শীর্ষ আক্রমণাত্মক মেধাবী খেলোয়াড়দের কোচ। যেখানে ফ্যালকাও যুক্ত হবেন রবিন ফন পার্সি ও ওয়েন রুনির সঙ্গে।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই