১৭তম এশিয়ান গেমসের পর্দা নামছে শনিবার। প্রতিযোগিতার শেষ হওয়ার ঠিক আগের দিন ক্রিকেট থেকে এসেছে বাংলাদেশের ব্রোঞ্জপদক। একই দিন হতাশ করেছেন দেশের তায়কোয়ানদো ও কারাতেকারা।
গ্যাংওয়া ডলম্যান্স জিমন্যাশিয়ামে শুক্রবার মাইনাস ৭৩ কেজি ওজন শ্রেণীতে শ্রাবণী বিশ্বাস ১৫-০ পয়েন্টে হেরেছেন জর্ডানের রিমা আনানবের কাছে। প্রথম রাউন্ডে ৬-০ এবং দ্বিতীয় রাউন্ডে ৯-০ পয়েন্টে হেরে বিদায় নিয়েছেন তিনি। একই জিমন্যাশিয়ামে মাইনাস ৫৮ কেজিতে বাংলাদেশের আরেক তায়কোয়ানডোকা জলন্ত চাকমা ২০-২ পয়েন্টে হেরেছেন চাইনিজ তাইপের ওয়ে চেন ইয়াংয়ের কাছে। প্রথম রাউন্ডে ৯-০ পয়েন্টেই পিছিয়ে ছিলেন জলন্ত।
এদিকে বিদায় নিশ্চিত হয়েছে কারাতেকা শামীম ওসমানেরও। চীনের ঝিয়ে ওয়াংয়ের কাছে ৮-০ পয়েন্টে হেরেছেন তিনি। প্রতিযোগিতার শেষ দিনে মাইনাস ৮৪ কেজিতে বাংলাদেশের আরেক কারাতেকা আশরাফুল লড়বেন ইন্দোনেশিয়ার হেন্দ্রো সেলিমের বিপক্ষে।
দ্য রিপোর্ট
জেডআই





