জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের প্রধান কার্ল হেইঞ্জ রামেনিজ নিশ্চয়তা দিয়েছেন যে তার ক্লাব কখনোই কোচ পেপ গার্দিওলাকে বরখাস্ত করবেন না।

বিশ্বকাপের পর প্রায়ই ভালো ফল করতে পারে না পাঁচবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ক্লাবটি। ২০০৬ বিশ্বকাপের পর ২০০৭ সালে কোচ ফেলিক্স মাগাথকে বরখাস্ত করেছিল বায়ার্ন। ২০১০ বিশ্বকাপের পর ২০১১ সালে ভ্যান গলকেও চাকুরি হারাতে হয়েছিল। বিশ্বকাপের পর ঝিমিয়ে পড়া খেলোয়াড়দেরকে দিয়ে তারা ক্লাবের প্রত্যাশিত ফল নিয়ে আসতে পারেননি। ফলে এমন পরিণতি বরণ করতে হয়েছিল তাদেরকে।

২০১৪ বিশ্বকাপের পর বায়ার্ন মিউনিখের বর্তমান কোচ গার্দিওলা বলেছিলেন, তার দল প্রত্যাশিত ফলাফল করতে না পারলে তাকেও চাকুরি হারাতে হতে পারে।

তবে ক্লাব সমর্থকদেরকে রামিনিজ আশ্বস্ত করেছেন যে ক্লাব এবার অপ্রত্যাশিত ফলাফল করবে না। ফলে চাকুরি নিয়ে ভাবতে হবে না কোচ গার্দিওলাকে।

'মরগেন পোস্ট'কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, "বায়ার্ন কখনো পেপ গার্দিওলাকে বরখাস্ত করবে না। আমি আপনাদেরকে লিখিত দিতে পারব।"

গত মৌসুমের আগে বায়ার্নের দায়িত্ব নেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে চূড়ান্ত সাফল্য এনে দেয়া গার্দিওলা। ২০১৬ সালের জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছিল জার্মান ক্লাবটি। তার চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত চাকুরি থাকার নিশ্চয়তা দিয়ে রামিনিজ বলেছেন, "তিনি কমপক্ষে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত কোচের দায়িত্ব পালন করবেন।"

ঢাকা, ২৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই