ওল্ড ট্রাফোর্ডে অভিষেক ম্যাচে গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে লিড এনে দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। অবদান রেখেছেন শেষ গোলটিতেও। তবে ম্যানইউ বস ভ্যান গলের মতে, আরো ভাল খেলতে পারেন ২৬ বছর বয়সী এই তারকা।

মৌসুম শুরু হওয়ার আগে ম্যানইউর দায়িত্ব নিয়েছিলেন ডাচ কোচ ভ্যান গল। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে কোনো ম্যাচে হারের মুখ দেখেনি তার দল। কিন্তু লিগে প্রথম তিন ম্যাচে একটিতেও জয় পায়নি রুনিরা। দুটি ম্যাচে ড্র করতে পারলেও হেরেছিল সোয়ানসি সিটির বিপক্ষে।

রোববার ওল্ড ট্রাফোর্ডে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নেমেছিল গলের শিষ্যরা। ইউনাইটেডের মাঠে অভিষেক ম্যাচে খেলার ২৪ মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে দলকে এগিয়ে দেন তিনি। এরপর হেরেরা ও রুনি গোল করেছেন। বিরতির পর ৫৮ মিনিটে হুয়ান মাতার শেষ গোলটিতেও অবদান রাখেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।

শেষ দিকে কয়েকটি বল মিস করেন ডি মারিয়া। ম্যাচ শেষে তাকে নিয়ে মন্তব্য করতে গিয়ে ভ্যান গল বলেন, "যখন দল তিন গোল করে ফেলে এবং আপনি প্রথম গোলটি করেন, তখন আপনি বাজে খেলতে পারেন না। কিন্তু তিনি শেষ দিকে বেশ কয়েকবার বল হারিয়েছিলেন। তাই তিনি আরো ভাল খেলতে পারেন।"

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই