ইসরাইলের হ্যাপোয়েল বিয়ার শেভা ক্লাবের বিরুদ্ধে বুধবার গ্লাসগো সেলটিকসের একটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালে দর্শকেরা ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করেছে। স্টেডিয়ামের কর্মকর্তারা এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করলেও স্কটিশ স্টেডিয়ামটিতে ফিলিস্তিনি পতাকায় ভরে যায়।
'প্যালেস্টাইন অ্যালাইন্স' নামের একটি গ্রুপের অ্যাক্টিভিস্টরা এই উদ্যোগ নেয়। তারা ১৯৪৮ সালের যুদ্ধের স্মরণে ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি পতাকা উড়ায়। নাকবা বা বিপর্যয় নামের ওই যুদ্ধের ফলেই লাখ লাখ ফিলিস্তিনি উদ্বাস্তু হয়ে পড়ে।
জেরুসালেম পোস্টের খবরে বলা হয়, এক সপ্তাহ আগে থেকেই গ্রুপটি এই প্রস্তুতি নিতে থাকে। তারা ইসরাইলি বর্ণবাদী, উপনিবেশবাদী আচরণের বিরুদ্ধে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানায়।
তারা ইউরোপিয়ান ফুটবল পরিচালনা সংস্থা ইউয়েফাকে ইসরাইল ও তার নীতিকে সমর্থন করারও আহ্বান জানায়।
খেলায় সেলটিক এফসি ৫-২ গোলে ইসরাইল ক্লাবটিকে পরাজিত করে। ম্যাচটি ছিল মর্যাদাপূর্ণ ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাইয়িং প্লেঅফ।
এসএ/টাইম





