বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন লোডভিক ডি ক্রইফ ও তার সহকারী রেনে কোস্টার। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

দ. কোরিয়ার ইনচেনে এশিয়ান গেমস শেষে নিজ দেশে চলে যান ক্রুইফ ও কোস্টার। ১৪ অক্টোবর বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল। কিন্তু বাফুফে তাদের বকেয়া পরিশোধ না করায় ঢাকায় ফেরেননি এই দুই ডাচ কোচ।

আগামী ২৪ অক্টোবর ও ২৭ অক্টোবর রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। কিন্তু তার আগে কোচদেরকে পাচ্ছেন না খেলোয়াড়রা। ডি ক্রুইফের অবর্তমানে বাংলাদেশি কোচ সাইফুল বারী টিটু শেষ মুহূর্তের প্রস্তুতি সারবেন জাতীয় দলের ফুটবলারদের নিয়ে।

ক্রুইফ ও কোস্টার দায়িত্ব ছাড়ার ব্যাপারে সালাউদ্দিন শনিবার বলেছেন, ‘দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ক্রুইফ ও কোস্টার। খুব শিগগিরই খোঁজা হবে নতুন কোচ। আসলে ২০ অক্টোবর থেকেই নতুন কোচের সন্ধান শুরু করব আমরা।’

গত বছর জানুয়ারিতে দুই বছরের জন্য জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ক্রুইফ। আর সহকারী হিসেবে ছিলেন কোস্টার। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়লেন তারা।

জেডআই