প্রথমবারের মতো দেশের মাটিতে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহার করবে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজে ডিআরএস ব্যবহার করা হবে বলে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এটি ব্যবহার করা হবে না।

বিদেশের মাটিতে এর আগে ডিআরএস ব্যবহার করলেও দেশের মাটিতে কখনো ডিআরএস ব্যবহার করা হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের। তবে এবার ক্রিকেটের আধুনিক এই প্রযুক্তিটি ব্যবহার করবে মুশফিক-সাকিবরা। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘দেশের মাটিতে প্রথমবারের মতো আমরা ডিআরএস ব্যবহার করবো। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে এটি ব্যবহার করা হবে।’

ডিআরএস ছাড়াও আসন্ন টেস্ট সিরিজে ক্যামরার মাধ্যমে হক-আই, আল্ট্রা মোশন ও সুপার জুম ব্যবহার করা হবে। তবে হট স্পট থাকছে না। ডিআরএস ব্যবহার করার জন্য প্রায় ১ লাখ ডলার খরচ করতে হবে বিসিবিকে।

জেডআই