লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে টপকে তিন নম্বরে উঠে এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
রোববার রাতে সেভিয়ার মাঠে ৩-০ গোলের ব্যবধানে জিতেছে অ্যাটলেটিকো। ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে নিয়ে তৃতীয় স্থানে আছে দলটি।
সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় চার নম্বরে আছে বার্সেলোনা। আর একটি জয় ও একটি ড্রতে চার পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রিয়াল মাদ্রিদ।
এদিকে ২ ম্যাচে ৬ পয়েন্ট করে পেয়েও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষ দুটি স্থানে আছে এইবার ও সেল্টা ভিগো।
এদিন খেলার ৩৫ মিনিটে কোকের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে আক্রমণ আর পাল্টা-আক্রমণে খেলা এগিয়ে চলতে থাকে। অবশেষে খেলার ৭৮ মিনিটে অ্যাটলেটিকোর হয়ে ব্যবধান দ্বিগুণ করেন গাবি। ৮৫ মিনিটে সফরকারীদের হয়ে তৃতীয় গোলটি করেন মার্টিনেজ।
বিপরীতে কোনো গোল শোধ করতে না পারায় ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ ডিয়াগো সিমিওনের শিষ্যরা।
জেডআই





