ব্রাজিল বিশ্বকাপের খেলা স্টেডিয়ামে বসে উপভোগের জন্য ফুটবল পাগল ভক্তদের জন্য টিকেট ক্রয়ের শেষ সুযোগ গতকাল মঙ্গলবার থেকে উন্মুক্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। অনলাইনে টিকেট বিক্রির এই প্রক্রিয়া সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার মাত্র চার ঘণ্টার মধ্যেই ১৯৯,৫১৯টি টিকেটের মধ্যে ১২৬,৮৩৭টি টিকেট বিক্রি হয়ে গেছে।
সর্বশেষ এই টিকেটগুলোর দুই তৃতীয়াংশই কিনেছে স্বাগতিক ব্রাজিলের নাগরিকরা। ফিফার সূত্রমতে জানা গেছে ফিফার ওয়েবসাইটের মাধ্যমে ৪৬,৩৪১টি টিকেট ব্রাজিলের বাইরের সমর্থকরা কিনেছে। ফিফা আরো জানিয়েছে ১২টি স্বাগতিক শহরে টিকেট প্রাপ্তি সেন্টার শুক্রবার থেকে খুলে দেয়া হবে। শুধুমাত্র ব্রাসিলিয়া এবং পোর্তো আলেগ্রেতে এটা আগামী মাস থেকে পাওয়া যাবে। এছাড়া ফিফা.কম এর মাধ্যমে টিকেট প্রাপ্তির জন্য নিজেদের সাক্ষাতকারের সময়টিও ভক্তরা ঠিক করে নিতে পারবে। স্বাগতিক শহরগুলোতে ফিফা ভেন্যু টিকেটিং সেন্টারের নির্দিষ্ট কাউন্টার থেকেও ১ জুন থেকে-১৩ জুলাই ফাইনাল পর্যন্ত টিকেট ক্রয় করা যাবে।
মঙ্গলবার পর্যন্ত হিসাব করলে দেখা গেছে ইতোমধ্যেই সর্বমোট ২,৫৭৭,৬৬২টি টিকেট অন লাইনে বিক্রি করা হয়েছে। টিকেট ক্রয়ের দিক থেকে স্বাগতিক ব্রাজিলই এগিয়ে রয়েছে। এরপরের অবস্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, কলোম্বিয়া, আর্জেন্টিনা, জার্মানি, মেক্সিকো, ফ্রান্স, ইংল্যান্ড, চিলি এবং অস্ট্রেলিয়া। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]