চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেই দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে মাঠে নেমেছিল বাংলাদেশ। শেষ বিকালে ৯ ওভার ব্যাট করে ২৩ রান নিয়ে দিন পার করেছে উদ্বোধনী জুটির তামিম ইকবাল ও ইমরুল কায়েস। এতে দুই ইনিংস মিলে মোট ১৫২ রানের লিড নিয়েছে টাইগাররা। শনিবার চতুর্থ দিনে তামিম (৮) ও ইমরুল (১১) রান নিয়ে মাঠে নামবেন।

শুক্রবার তৃতীয় দিনে ১১৩ রান নিয়ে খেলা শুরু করা জিম্বাবুয়ে। হাতে ছিল নয়টি উইকেট। দিনের শুরুটা ভালোই করেছিল হ্যামিল্টন মাসাকাদজা ও সিকান্দার রাজা। তবে ৫১ রান নিয়ে মাঠে নামা মাসাকাদজা ৮১ রানে সাজঘরে ফিরে যান। এরপর দ্রুতই আরো দুটি উইকেট হারায় তারা। ৫৪ রান নিয়ে মাঠে নামা সিকান্দার ৮২ রান করে সাজঘরে ফিরে যান। দেখতে দেখতে ২০৯ রানে পাঁচ উইকেট হারায় জিম্বাবুয়ে।

তবে চাকাবভা ও চিগুম্বুরা দলের হাল ধরেন। গড়ে তোলেন ১১৩ রানের জুটি। ৬৫ রান করে চাকাবভা আউট হলেও ক্রিজে টিকে ছিলেন চিগুম্বুরা। এগিয়ে যান সেঞ্চুরির দিকে। তবে ৮৮ রানে জোবায়ের হোসাইনের বলে ইমরুল কায়েসের তালুবন্দী হন তিনি। শেষ পর্যন্ত ৩৭৪ রানে ইনিংস গুটিয়ে যায় তাদের।

বাংলাদেশের বোলার জোবায়ের হোসাইন সর্বোচ্চ পাঁচটি উইকেট শিকার করেন। দুটি উইকেট পান শফিউল ইসলাম। এছাড়া রুবেল হোসাইন, তাইজুল ইসলাম ও সাকিব একটি করে উইকেট নেন।

জেডআই