দুই যুগ পর তার নেতৃত্বেই সেমি-ফাইনালে উঠেছে আর্জেন্টিনা, এবার দলকে ফাইনালে তোলার লড়াই। নেদারল্যান্ডসের বিপক্ষে সে লড়াইয়ের আগে চাপে ভুগছেন কি লিওনেল মেসি? আর্জেন্টিনা অধিনায়ক জানালেন, চাপ একটা আছে বটে, তবে সেটা ইতিবাচক।

বুধবার নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার শেষ চারের ম্যাচটি হবে সাও পাওলোয়।

এক সাক্ষাৎকারে মেসি বলেন, “আমি ইতিবাচক চাপ অনুভব করছি। আর্জেন্টিনাকে নেতৃত্ব দেয়াটা অনেক সম্মানের।”
বিশ্বকাপে দলের অধিনায়ক হিসেবে তার ওপর রাখা আস্থার প্রতিদান চিতে চান মেসি।

মেসির নেতৃত্বে ব্রাজিল বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সবকটিতে জিতেছে সাবেক চ্যাম্পিয়নরা। শুধু অধিনায়ক হিসেবে নয়, ৪ গোল করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেসি।
তবে গোল নয় দলকে জেতানোতে সহায়তা করাই মূখ্য অধিনায়কের। “আমি যদি গোল করে যেতে পারি এবং সেটা দলকে সাহায্য করে, তাহলে সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
আর ডাচদের বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষ নয়, নিজেদের খেলার দিকেই মনোযোগ দিতে চান মেসি।“আমরা যদি আমাদের নিজের খেলায় মনোযোগ দেই এবং আমাদের কৌশলগত ভাবে প্রস্তুত থাকি, তাহলে আমাদের খেলাটাই কথা বলবে।”

আগামী রোববার রিও দে জেনেইরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে হবে এবারের ফাইনাল।

শিরোপা জয়ের শেষ ওই ধাপে খেলার স্বপ্নের কথা জানিয়ে মেসি বলেন, “মারাকানার অসাধারণ পরিবেশে বিশ্বকাপের ফাইনাল খেলা প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন। তবে তার আগে আমদের তো সেখানে যাওয়াটা নিশ্চিত করতে হবে।”

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই