সমালোচনার সব জবাব তো ব্যাট দিয়েই দেওয়া উচিত। মুশফিকুর রহিম এটি খুব ভালো করেই জানেন। আর তাইতো শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচকে বেছে নিলেন মঞ্চ হিসেবে।
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খারাপ পারফরম্যান্স, রিভার্স সুইপ নিয়ে বিতর্ক, মুশফিকের ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেয়ার প্রচ্ছন্ন ইঙ্গিত সব বিতর্ক এবং ওঠা প্রশ্নের জবাব শতক হাঁকিয়েই দিলেন মুশফিক। দুই বছর আর ১০ ম্যাচ পর তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। লঙ্কানদের বিপক্ষে মুশফিকের এটি দ্বিতীয় শতক।
লঙ্কানদের বিপক্ষে এই শতক অবশ্য মুশফিকের ক্যারিয়ারের ধীরতম সেঞ্চুরি। এটি পেতে মুশফিককে খেলতে হয়েছে ২৭০ বল। বাউন্ডারিও ছিল মাত্র ৪টি। এটি ৮১ টেস্টের ক্যারিয়ারে মুশফিকের অষ্টম শতক। অভিজ্ঞ এই ক্রিকেটারের শতকে লঙ্কানদের বিপক্ষে লিড বাড়িয়ে নিচ্ছে বাংলাদেশ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ চা বিরতিতে গেছে ৬ উইকেটে ৪৩৬ স্কোর নিয়ে। মুশফিক অপরাজিত আছেন ১০৪ রানে। অপর প্রান্তে মুশফিককে সঙ্গ দিচ্ছেন নাঈম হাসান। বাংলাদেশ প্রথম ইনিংসে ইতোমধ্যে লিড নিয়েছে ৩৯ রান। শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে করেছে ৩৯৭ রান।
এবিএস





