ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন শেষেও ভালো অবস্থায় রয়েছে সফরকারী ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৩৯৯ রানে অল আউট হয় ইংলিশরা। জবাবে দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৫৫ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৬ উইকেট হাতে নিয়ে এখনো ২৪৪ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবীয়রা।

ইয়ান বেলের ১৪৩ ও জো রুটের ৮৩ রানের উপর ভর করে টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩৪১ রান করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ৭১ রানে অপরাজিত ছিলেন বেন স্টোকস। তাই ইংল্যান্ডের ইনিংস বড় স্কোরে পৌঁছানোর দায়িত্ব বর্তায় স্টোকসের কাঁধে। কিন্তু সেই দায়িত্ব ভালোভাবে পালন করতে পারেননি স্টোকস।

ব্যক্তিগত ৭৯ রানে থামেন তিনি। ফলে ইংলিশদের বড় স্কোরে পৌঁছানোর আশাও শেষ হয়ে যায়। তারপরও শেষদিকে ক্রিস জর্ডানের অপরাজিত ২১ ও জেমস এন্ডারসনের ২০ রানের কল্যাণে সবক’টি উইকেট হারিয়ে ৩৯৯ রান পর্যন্ত সমর্থ হয় ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে পেসার কেমার রোচ ৪টি ও জেরম টেইলর ৩টি উইকেট শিকার করেন।

এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪২ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। ডেভন স্মিথ ১১ ও ড্যারেন ব্রাভো ১০ রান করে আউট হন। শুরুর ধাক্কাটা পরবর্তীতে সামাল দেয়ার চেষ্টা করেন ক্রেইগ বার্থওয়েট ও মারলন স্যামুয়েলস। ভালোই এগোচ্ছিলেন দু’জনে। কিন্তু তৃতীয় উইকেটে গড়ে উঠা ৪৭ রানের জুটিতে ভাঙ্গন ধরিয়ে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় উইকেট তুলে নেন ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড। ৩৩ রানে ফিরেন স্যামুলেয়লস।

স্যামুয়েলসের বিদায়ের পর ১০ রান করেই বিদায় নেন বার্থওয়েট। ফলে ৪ উইকেটে ৯৯ রানে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে দলের স্কোর মেরামতে মনোযোগী হয়ে উঠেন অভিজ্ঞ শিবনারায়ন চন্দরপল ও জার্মেই ব্ল্যাকউড। ইংল্যান্ড বোলারদের দেখে-শুনে খেলে ভালো প্রতিরোধ গড়ে তুলেন তারা।

ফলে দিনের শেষভাগ পর্যন্ত আর কোন উইকেট হারাতে হয়নি ক্যারিবীয়দের। চন্দরপল ২৯ ও ব্ল্যাকউড ৩০ রানে অপরাজিত আছেন। আর দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৫৫ রান। ইংল্যান্ডের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন এন্ডারসন, ব্রড, জর্ডান ও ট্রেডওয়েল।

সংক্ষিপ্ত স্কোর : (দ্বিতীয় দিন শেষে)

ইংল্যান্ড প্রথম ইনিংস : ৩৯৯/১০, ১১০.৪ ওভার (ইয়ান বেল ১৪৩, জো রুট ৮৩, কেমার রোচ ৪/৯৪)।

ওয়েস্ট ইন্ডিজ : ১৫৫/৪, ৬৬ ওভার (ক্রেইগ বার্থওয়েট ৩৯, মারলন স্যামুয়েলস ৩৩, জেমস ট্রেডওয়েল ১/২২)

জেডআই