দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে সেঞ্চুরির আক্ষেপ থেকেই গেল বাংলাদেশের সৌম্য সরকারের। তৃতীয় ম্যাচে মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি করতে পারলেন না তিনি।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাত্র ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখী ছিলেন সৌম্য। হাফ-সেঞ্চুরির পর সেঞ্চুরির দিকে এগিয়ে যান।
তামিমের হাফ-সেঞ্চুরির পর মাঠে এসে এনামুল কিছু একটা বলে গেলেন। হয়তো সৌম্যর সেঞ্চুরির জন্য তাকে সময় দেয়ার কথাই বলে গেলেন। কারণ জয়ের জন্য ২০ রানের দরকার হলেও সৌম্যর সেঞ্চুরির জন্য দরকার ছিল ১২ রান।
তামিম সৌম্যকে সেঞ্চুরির সুযোগও করে দিলেন। নিজে ব্যাট হাতে রানের চাকা না ঘুরিয়ে সৌম্যকে সুযোগ করে দিলেন। কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেননি এই ব্যাটসম্যান। ইমরান তাহিরের বল ড্রাইভ করলেন, কিন্তু শর্ট কাভারে আমলার তালুবন্দী হন।
মাঠ ছাড়ার আগে ৭৫ বলে ১৩টি চার ও একটি ছক্কায় ৯০ রান করেন। প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৮৮ রান নিয়ে অপরাজিত ছিলেন সৌম্য। সেবার সুযোগ না পাওয়া সেঞ্চুরি আক্ষেপ ছিল। এবার সুযোগ পাওয়ার পরও সেঞ্চুরির আক্ষেপ থাকল সাতক্ষীরার এই তারকার।
জেডআই





