স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অপরাধে তরুণ বয়সে ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির আবার ক্রিকেটে ফিরছেন। আগামী মাসের প্রথম দিক থেকেই প্রথম শ্রেণীর ক্রিকেটে মাঠে নামছেন তিনি।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শর্তে কিছু শিথিলতা আনার পরই আমিরের সামনে এমন সুযোগ সৃষ্টি হয়েছে।
২০১০ সালে ইংল্যান্ডে একটি স্পট ফিক্সিং মামলায় অভিযুক্ত হয়ে পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন ২২ বছর বয়সী আমির। পাকিস্তান দলের তৎকালীন অধিনায়ক সালমান বাট ও পেসার মোহাম্মদ আসিফও নিষিদ্ধ হন আমিরের সঙ্গে। ২০১১ সালে বৃটেনে জেলও খাটতে হয় এ তিন জনকে।
গত নভেম্বরে খেলোয়াড়দের আচরণ বিধিতে পরিবর্তন আনে আইসিসি। পরিবর্তিত নিয়মানুসারে নিষিদ্ধাদেশের সময় শেষ হওয়ার একটা নির্দিষ্ট সময় আগে নিষিদ্ধ ঘোষিত খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে অংশ নেয়া অনুমোদন করে। তারই প্রেক্ষিতে আইসিসি লাহোরে আমিরের বিস্তারিত সাক্ষাৎকার নিয়েছে।
নির্দিষ্ট করে আমিরের নিষিদ্ধাদেশের শর্ত কিছুটা শিথিল করার করার জন্য গত আইসিসি’র কাছে আবেদন করে পিসিবি।
আমিরের আবেদনের বিষয়ে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় আইসিসি বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
আমিরের ফেরার সম্ভাবনার কথা নিশ্চিত করেছেন পিসিবি’র এক কর্মকর্তা।
মুখপাত্র আগা আকবর বলেন,‘আমিরের ঘরোয়া ক্রিকেটে অংশ নেয়া অনেকটাই নিশ্চিত।’
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে প্রথম শ্রেনীর ক্রিকেটে আমিরকে পর্যবেক্ষন করা হবে বলে গত সপ্তাহে জানিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান।
আগামী আগস্টে আমিরের নিষিদ্ধাদেশের পাঁচ বছর সময় সীমা শেষ হবে।
জেডআই





