২০১৪-১৫ মৌসুমে ট্রেবল শিরোপা জিতে ইউরোপের বর্ষসেরা ক্লাবের পুরস্কার জিতেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

সোমবার জেনেভাতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ইউরোপিয়ান ক্লাব এসোসিয়েশন (ইসিএ) ২০১৫ সালের বর্ষসেরা ক্লাবের পুরস্কার তুলে দেয়া বার্সেলোনাকে।

বার্সা কোচ লুইস এনরিকের অভিষেক মৌসুমে স্প্যানিশ লিগ লা লিগা, কোপা ডেল রে ও ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে বার্সেলোনা।

মৌসুমের শেষার্ধ ২০১৫ সালে তিনটি শিরোপা নিশ্চিত হয় কাতালান ক্লাবটির। এ বছর অ্যাথলেটিক বিলবাওর কাছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হাতছাড়া করলেও পুরস্কার জয়ের ক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি।

ইউরোপা লিগের রানার্স আপ দল নিপ্রো বেস্ট স্পোর্টিং প্রগ্রেস পুরস্কার জিতেছে।

এদিকে লন্ডনে ক্রমবর্ধমান যুবকদের চাকুরির ব্যবস্থা করতে স্থানীয়ভাবে কাজ করার স্বীকৃতিস্বরূপ 'বেস্ট কমিউনিটি এন্ড সোশ্যাল রেসপনসিবিলিটি' পুরস্কার পেয়েছে আর্সেনাল।

কুকুর নিয়ে সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশাধিকার নিয়ম রেখে "আমরা একসঙ্গে চলি" প্রকল্প চালু করায় এস্তোনিয়ার ক্লাব লেভাডিয়া তাল্লিনকে সেরা অর্জন পুরস্কার দেয়া হয়।

জেডআই