বয়স খুব বেশি নয় নেইমারের। মাত্র ২২ বছর। তাই নানান রকম উন্মাদনা আর উচ্ছ্বলতা কাজ করে তার মধ্যে। উচ্ছ্বলতা দিয়ে তিনি মাতিয়ে রাখেন পুরো দলকে। বর্তমানে ইনজুরিতে থাকলেও তার উচ্ছলতায় ভাটা পড়েনি। বুধবার স্মার্ট একটি বাইক নিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি।
বাইক অনেক সময়ই ইনজুরি ডেকে আনে। কিন্তু সেটা নিয়ে মাথা ঘামানোর সময় নেই নেইমারের। তাই বাইক নিয়ে দু-চার পাক দিয়ে তবেই ক্ষান্ত হয়েছেন।
ব্রাজিল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইনজুরিতে পড়েন নেইমার। শেষ হয়ে যায় তার বিশ্বকাপ মিশন। এরপর ইনজুরি থেকে সেরে ওঠেন। প্রস্তুতি নিচ্ছিলেন লা লিগার জন্য। কিন্তু তার আগেই অনুশীলনে আবারও ইনজুরিতে পড়েন তিনি। তবে বর্তমানে কিছুটা ভালো অবস্থায় রয়েছেন। শিগগিরই মাঠে ফিরবেন বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
তিনি সুস্থ হয়ে উঠলে আগামী অক্টোবরে মেসি-নেইমার ও সুয়ারেজ একসঙ্গে মাঠে নামতে পারবে। বার্সেলোনার এই ত্রয়ীকে একসঙ্গে দেখতে মুখিয়ে আছেন ভক্ত-সমর্থকরা।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





