ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার অতিথি হিসেবে গিয়ে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

এর ফলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে টানা দুই ম্যাচ জয় অব্যাহত রাখল দলটি। আর সপ্তমবারের মতো ইদুনা পার্ক সফরে প্রথম জয়ের দেখা পেল লস ব্লাঙ্কোসরা।

গ্রুপপর্বের প্রথম ম্যাচে অ্যাপোল নিকোশিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন রোনালদো। এবার জোড়া গোলের সুবাদে দুই ম্যাচে তার গোল সংখ্যা এখন চার। রিয়ালের হয়ে ব্যক্তিগত ৪০০তম আর ইউরোপিয়ান টুর্নামেন্টে ১৫০তম ম্যাচটাও রোনালদোর জন্য স্মরণীয় করে রাখলেন।

১৮ মিনিটে মাঝমাঠ থেকে কার্ভাহাললের বাড়িয়ে দেওয়া বলে বাঁ পায়ে দুর্দান্ত ভলিতে গোল করেন গ্যারেথ বেল। প্রথমার্ধে এই ১-০ গোলে এগিয়ে থাকে রিয়াল। ৪৯ মিনিটে। বেলের বাড়িয়ে দেওয়া বলে বাঁ পায়ে দুর্দান্ত শটে ব্যক্তিগত প্রথম গোল করেন পর্তুগিজ সুপারস্টার|

খেলার ৫৪ মিনিটে কাস্ত্রোর ক্রস জালে জড়িয়ে এক গোল শোধ করেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। তবে ৭৯ মিনিটে লুকা মডরিচের বাড়িয়ে দেওয়া বল ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে ডান পায়ের জোরাল শটে প্রতিপক্ষের জাল ভেদ করেন রোনালদো। সুবাদে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

জেড