আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি বন্ধ করে দেয়া উচিৎ বলে মনে করেন রবি শাস্ত্রী। চ্যাম্পিয়নস ট্রফির মতো টুর্নামেন্ট বিশ্বকাপের আকর্ষণ নষ্ট করছে বলে মনে করেন ভারতের সাবেক এ অধিনায়ক। চলতি বছরের ১লা জুন থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্ট বন্ধ করার পেছনে যুক্তি দেখান তিনি। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তিনটি বিশ্ব চ্যাম্পিয়নশিপের আয়োজন করে।
সেগুলো হলো-৫০ ওভারের বিশ্বকাপ, টেস্টের সেরা আট দল নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেট খেলুড়ে দেশগুলোর জন্য তিনটি শিরোপা প্রায় সমান গুরুত্ব বহন করে। এতে করে আসল বিশ্বকাপের গুরুত্ব কমে যায় বলে মনে করেন তিনি। এ বিষয়ে ভারতীয় ক্রিকেট দলের ডিরেক্টর বলেন, ‘আমাকে কেউ যখন জিজ্ঞেস করে যে, কয়টা বিশ্বকাপ হয় বা এখন বিশ্ব চ্যাম্পিয়ন কে, তখন আমি নিজেই দ্বিধায় পড়ে যাই। চ্যাম্পিয়নস ট্রফি ও বিশ্বকাপ দুটোর কোন মানে হয় না।
এতে বিশ্বকাপকেই নিচু করে দেখানো হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘১৯৭৫ সাল থেকে বিশ্বকাপ জিতেছে কোন কোন দল সেটা আমার মনে আছে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি কারা জিতেছে তা বলতে পারবো না। ২০১৩ সালে ভারত জিতেছে- শুধু এতটুকুই বলতে পারবো। তাই আমার মনে হয় ৫০ ওভারের বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপই যথেষ্ঠ। এরপর আবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করা অর্থহীন।’ এ বিষয়ে তিনি আইসিসি’র দিকে অনেকটটা প্রশ্ন ছুড়ে দিলেন। বলেন, ‘বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ঠিক আছে। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি কেন? এটা দিয়ে আসলে কি প্রমান করতে চাইছে! এখানে কে চ্যাম্পিয়ন হচ্ছে তা কি কেউ মনে রাখে?’
টাইমনিউজবিডি.নেট/মাহমুদ





