ঝড়-বৃষ্টির সব শঙ্কা দূরে ঠেলে অবশেষে এশিয়া কাপের ফাইনালে মাঠে নেমেছে বাংলাদেশ-ভারত। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার দলপতি মহেন্দ্র সিং ধোনি। দুই দল সর্বোচ্চ ১৫ ওভার করে খেলবে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে হাইভোল্টেজ এ ম্যাচটি শুরু হয় সাড়ে নয়টায়।
টাইগারদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।
এ ম্যাচ জিতলে ইতিহাস সৃষ্টি করবে মাশরাফি বিন মর্তুজার দল। জিততে পারলেই প্রথমবারের মতো বড় কোনো আসরের শিরোপা জিতবে টাইগাররা।
এশিয়া কাপ শুরুর আগে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলে সাকিব-তামিম-মুশফিকরা। শেষ দুটি ম্যাচে হেরে বসে টাইগাররা। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেও হেরেছিল বাংলাদেশ। তবে, সব শঙ্কা দূরে ঠেলে নিজেদের পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারায় মাশরাফি বাহিনী। নিজেদের তৃতীয় ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় লাল-সবুজের জার্সিধারীরা।
নিজেদের জন্য মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টি-টোয়েন্টির অন্যতম সফল দল পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। সঙ্গে ফাইনাল নিশ্চিত করে মাশরাফি-তামিম-সাকিব-মুশফিক-আল আমিনরা।
ভারতের বিপক্ষে এ পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ যেখানে একটিতেও তারা জয়ের দেখা পায়নি। মাশরাফিরা ভারতের বিপক্ষে এশিয়া কাপ শিরোপা জিতে ইতিহাস গড়বেন এমন প্রত্যাশায় একসুতোয় গেঁথে উঠবে মাঠ ও মাঠের বাইরে থাকা ১৬ কোটি প্রাণ।
এসটি





