একটি দুটি নয়, টানা ৩৪ ম্যাচ পর মারকুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে হাফ সেঞ্চুরি এল।
সোমবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩৯ বলে ৫টি চার ও ১টি ছক্কার বিনিময়ে ৫৬ রান করেন তিনি। কিন্তু তার রানে ফেরার দিনেও জয় বঞ্চিত হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রানের বেশি করতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব। ফলে ২৫ রানের দারুণ এক জয় পেয়েছে মুম্বাই।
রোববার আইএস বিন্দ্রা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে শূন্য রানেই সাজঘরে ফেরেন রোহিত শর্মা। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে পার্থিব প্যাটেল ও আম্বাতি রাইডু দলীয় স্কোরকে ১৩৭ রান পর্যন্ত টেনে নেন। এরপর রাইডু ৬৫ রান করে আউট হন। তার ইনিংসে ৪টি চারের সমসংখ্যক ছয়ের মার ছিল।
১৭৪ রানের মাথায় প্যাটেল আউট হন। আউট হওয়ার আগে ৫৮ বলে ১০টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৮১ রান করেন তিনি। মূল্যবান ২৪টি রান আসে জস বাটলারের ব্যাট থেকে। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৮৯ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করে মুম্বাই।
জববে ব্যাট করতে নেমে শন মার্শের ৪৫, ম্যাক্সওয়েলের ৫৬ ও ডেভিড মিলারের ১৭ বলে করা অপরাজিত ৩০ রানও জয়ের পথ দেখাতে পারেনি পাঞ্জাবকে। ৭ উইকেট হারিয়ে ১৬৪ রানের বেশি করতে পারেনি তারা।
এ হারের ফলে ৬ ম্যাচের ১টিতে জিতে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। অন্যদিকে ৭ ম্যাচের ৩টিতে জিতে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
এমই





