অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর স্থগিত করায় বাংলাদেশ ক্রিকেট ক্ষতির সম্মুখীন হল বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ক্ষতি পুষিয়ে উঠতে যতদ্রুত সম্ভব আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে পুরোনা সম্মান ফিরিয়ে আনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে জানানো হয়, অস্ট্রেলিয়া ক্রিকেট দল আপাতত নিরাপত্তার শঙ্কায় বাংলাদেশ সফর করছে না। ভবিষ্যতে সফর করার ইচ্ছে তাদের আছে।
অস্ট্রেলিয়া থেকে খবর উড়ে আসার পর সন্ধ্যা সাতটায় বিসিবি সভাপতি নিজ বাসায় সাংবাদিকদের বলেছেন,‘‘অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে না আসায় বাংলাদেশ ক্রিকেটে ক্ষতি তো অবশ্যই হল। বাংলাদেশ ষোল কোটি মানুষের দেশ।
সবাই মুখিয়ে ছিল কখন অস্ট্রেলিয়া আসবে, কখন তারা দুই দলের খেলা দেখবে। সেক্ষেত্রে এটা তো বড় একটা ক্ষতি। এদেশের মানুষ খেলা দেখা থেকে বঞ্চিত হল। সত্যি বলতে সবাই কষ্ট পেয়েছে, আমরা কষ্ট পেয়েছি, আপনারাও কষ্ট পেয়েছেন।’’
নাজমুল হাসান আরো বলেন, ‘‘যেটা হয়েছে সেটা তো হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে দ্রুত বাংলাদেশে খেলা ফিরিয়ে নিয়ে আসা। যত দ্রুত সম্ভব এখান থেকে বের হয়ে এসে ভালোমত সিরিজ আয়োজন করতে হবে।’’
চলতি বছরের শুরু দিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ থাকলেও পরবর্তী সময়ে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল বেশ ভালোমতই বাংলাদেশ সফর শেষ করে। শুধু ক্রিকেটেই নয়, ফুটবললেও বিভিন্ন দেশের ফুটবলাররা এসে বাংলাদেশে খেলে গিয়েছে।
এমকে





