সেই ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা দুই ম্যাচে হেরেছিল ইংল্যান্ড। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র করে বিদায় নিয়েছিল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই। কিন্তু বিশ্বকাপের পরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের পর টানা সাত ম্যাচে জয় তুলে নেয় ইংল্যান্ড। মাঝে টানা দুই ম্যাচ ড্র করলেও তারপর আরো পাঁচটি ম্যাচ টানা জেতে তারা। সব মিলিয়ে টানা ১৫ ম্যাচ অপরাজিত থেকে আকাশেই উড়ছিল ইংল্যান্ড।

তবে শুক্রবার রাতে উড়তে থাকা ইংল্যান্ডকে একদম মাটিতে নামিয়ে এনেছে আরেক প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। প্রীতি ম্যাচে ঘরের মাঠে ইংল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে দেল বস্কের দল।

স্পেনের বন্দর নগরী আলিকান্তের হোসে রিকো পেরেজে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে অবশ্য কোনো গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধের ৭২ থেকে ৮৪, মাত্র ১৪ মিনিটেই ইংল্যান্ডকে কোণঠাসা করে ফেলে স্পেন।

৭২ মিনিটে দারুণ এক গোলে স্বাগতিকদের এগিয়ে দেন মারিও গাসপার। আর ৮৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্পেনের জয় নিশ্চিত করেন আর্সেনালের মিডফিল্ডা সান্তি কাজোরলা।

ইংলিশদের হারের রাতে পরাজয়ের তিক্ততা পেয়েছ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিও। জার্মানদের ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। শুক্রবার রাতের অন্যান্য ম্যাচে বেলজিয়াম ৩-২ গোলে ইতালিকে, নেদারল্যান্ডস ৩-২ গোলে ওয়েলসকে ও পোল্যান্ড ৪-২ গোলে আইসল্যান্ডকে হারিয়েছে।

এমকে