ইংলিশ জায়ান্ট চেলসির খেলোয়াড়দেরকে নিজের 'বাচ্চা' বলে কটাক্ষ করেছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা জ্লাটান ইব্রাহিমোভিচ।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে চেলসির বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন পিএসজি'র সেরা তারকা।
স্টামফোর্ড ব্রিজে খেলার ৩১ মিনিটে স্বাগতিক চেলসির মিডফিল্ডার ওস্কারকে ফাউল করেন ইব্রা। এতে লাল কার্ড দেখে মাঠ থেকে বিদায় নিতে হয় তাকে।
ম্যাচ শেষে সাংবাদিকদেরকে বলেন, "যখন আমি লাল কার্ড দেখলাম, আমি কি করছি বা দেখছি, কিছুই বুঝে উঠতে পারলাম না।"
তিনি আরো বলেন, "সবচেয়ে বাজে বিষয় হল যখন আমি লাল কার্ড দেখলাম, চেলসির সব খেলোয়াড়রা আমার চারপাশে ভিড় জমাল। আমার মনে হল তারা আমার ১১টি বাচ্চা। আমি সরে গেলাম, কারণ দেখছিলাম আরো অনেকগুলো আসছে।"
ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়। তবে অ্যাওয়ে গোলের সুবাদে কোয়ার্টার ফাইনালে ওঠে পিএসজি। আর চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় চেলসি।
জেডআই





