ডিয়েগো ম্যারাডোনার সমালোচনার জবাব দিলেন জেরার্ডো মার্টিনো। আর্জেন্টিনা কোচ ম্যারাডোনার বক্তব্যের সঙ্গে একমত নন। বলেছেন, সবার নেতৃত্বের ধরন এক রকম হয় না। মেসি তাঁর মতো করেই নেতৃত্ব দেন। মাঠে তাঁর খেলাই বাকিদের জন্য উদাহরণ ও অনুপ্রেরণা হয়ে কাজ করে।
আর্জেন্টিনা অধিনায়কের বাহুবন্ধনী হাভিয়ের মাচেরানোর কাছ থেকে মেসিকে দেওয়া হয়। কিন্তু মেসি ঠিক মাচেরানোর মতো নন। কথা কম বলেন। সতীর্থদের পিঠ চাপড়ে দিতেও সেভাবে দেখা যায় না। যে কাজটা এখনো মাচেরানোই করেন। ম্যারাডোনার সমালোচনা হচ্ছে, মেসি ভালো খেলোয়াড় হলেও বাকিদের উজ্জীবিত করার কাজটি করতে পারেন না।
আর্জেন্টিনা কিংবদন্তি বলেছেন, ‘মেসি মানুষ হিসেবে ভালো। কিন্তু ওর কোনো ব্যক্তিত্ব নেই। নেতা হওয়ার জন্য যে চরিত্রটা দরকার, সেটাই ওর নেই।’
এ ব্যাপারে মার্টিনো একটা ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন, ‘মেসি ড্রেসিংরুমের নেতা হয়তো নন; তবে তিনি মাঠে ঠিকই নেতা। সামনে থেকেই নেতৃত্ব দেন দলকে। আর ড্রেসিংরুমে বাকিদের ভেতরে আগুন জ্বালানোর কাজটা করেন মাচেরানো। আর্জেন্টিনা কোচ অবশ্য প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে চাইলেন এই বলে, ‘এ নিয়ে আমার বলার কিছু নেই।’
তবে এরপর যোগ করেছেন, ‘নেতা হিসেবে মাচেরানোর প্রভাবটা দলের ওপর বেশি গুরুত্বপূর্ণ। আর মেসির নেতৃত্বের গুরুত্বটা আমাদের বেশি দরকার মাঠে। সব দলেই এক কিছু সহজাত নেতা থাকে যারা মাঠে নেতৃত্ব দেয়, আবার এমন অনেকে থাকে যারা নেতৃত্ব দেয় ফুটবলীয় দিক দিয়ে।’
মার্টিনো নিশ্চিত করেছেন, আজ রাতে পানামার বিপক্ষে ম্যাচটি খেলবেন মেসি।
এমআর





