আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারলেও বাংলাদেশ সিরিজে তার কোন প্রভাব পড়বে না বলে মনে করেন জিম্বাবুয়ে ক্রিকেট দলের কোচ ডেভ হোয়াটমোর।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততেই এসেছে জিম্বাবুয়ে। আর এ জন্য পুরোপুরি মানসিক প্রস্তুতি আছে তার দল। বুধবার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন জিম্বাবুয়ে ক্রিকেট দলের কোচ ডেভ হোয়াটমোর।

বাংলাদেশে খেলতে আসার আগে নন টেস্ট প্লেয়িং দেশ আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে হেরে এসেছে জিম্বাবুয়ে। তবে এটা নিয়ে চিন্তিত নন জানিয়ে হোয়াটমোর। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘আফগানিস্তানের বিপক্ষে হেরে যাওয়া ছিলো দু:খজনক। আমরা বেশ কয়েকটি ম্যাচে ভালো অবস্থানে ছিলাম। আর ওটা ছিলো ওয়ানডে সিরিজ, এটা টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি যে কোন দিন যে কেউ জিততে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা অন্তত আরও ১০টা ম্যাচ খেলতে পারবো। আমরা আমাদের দূর্বল দিকগুলো নিয়ে কাজ করছি। উন্নতি করছি। আমাদের দলের আরও উন্নতি করতে হবে।’

পেসার তিনাশে পানিয়াঙ্গারার অভাব অনুভব করে হোয়াটমোর বলেন,‘পানিয়াঙ্গারা দলে থাকলে আমাদের দলটি খুব শক্তিশালী হতো। তারপরও তাকে ছাড়া আমাদের দলটি বেশ ভালো। দলটি সফলতা পাবে এ আত্মবিশ্বাস তাদের রয়েছে।’

বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সে নিজের দলকে এগিয়ে রাখেননি হোয়াটমোর। নিজের প্রাক্তন শিষ্যদের নিয়ে হোয়াটমোর বলেন,‘বাংলাদেশ এই মুহুর্তে খুব ভালো দল। কিন্তু সিরিজে আমি তাদেরকে এগিয়ে রাখবো না। টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোন দলই নিজেদের দিনে জিততে পারে। আর আমরা জিততেই এসেছি।’

এমএম