খুলনা টেস্টের তৃতীয় দিনে ব্যাট হাতে দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। বুধবার দিন শেষে ৩৩১ রান সংগ্রহ করেছে তারা। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে মাত্র ১০২ রানে পিছিয়ে থাকলেও তাদের হাতে আছে পাঁচ উইকেট।
টেস্টের দ্বিতীয় দিনে জোড়া সেঞ্চুরি পেয়েছিল বাংলাদেশ। সেঞ্চুরি করে দর্শকদেরকে বেশ আশার আলো দেখিয়েছিলেন তামিম ও সাকিব। কাছ থেকে সমর্থন দিতে বুধবার অনেক ভক্ত হাজির হয়েছিলেন শেখ আবু নাসের স্টেডিয়ামে। কিন্তু তাদেরকে হতাশ করেছে বোলাররা। একমাত্র হ্যামিল্টন মাসাকাদজাকেই পরাস্ত করতে পারেনি তারা। ১৫ রান নিয়ে এদিন খেলা শুরু করা মাসাকাদজা দিন শেষে নিজের নামের পাশে জমা করেছেন ১৫৪ রান। তার সঙ্গে ৭৫ রান নিয়ে অপরাজিত আছেন রেগিস চাকাভবা।
দিনের শুরুতে বাংলাদেশের দর্শকদের মুখে হাসি এনে দিয়েছিলেন আগের দিনে এক উইকেট তুলে নেয়া তাইজুল ইসলাম। ২১ রান নিয়ে খেলা শুরু করা ব্রিয়ান চারিকে ২৫ রানেই সাজঘরে পাঠান তিনি।
মাঠে নেমে মাসাকাদজার সঙ্গে জোট বাধেন অধিনায়ক ব্রেন্ডন টেলর। তবে ৩৭ রানে সাকিবের শিকারে পরিণত হন তিনি। টাইগার অল রাউন্ডারের ঝড়ে দ্রুতই মাঠ থেকে বিদায় নেন ক্রেইগ এরভাইন (১৭) ও এল্টন চিগুম্বুরা (১)। আবার হাসি ফুটে ওঠে লাল-সবুজ সমর্থকদের মুখে। কিন্তু শেষ পর্যন্ত সেই হাসি কেড়ে নেন মাসাকাদজা ও চাকাভবা।
জেডআই





