মাশরাফি কী কোনো জাদু জানেন? রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে এ ধরনের কথা উড়িয়ে দেন তিনি। বলেন, হারিনি বলে যে হারব না তা নয়, আবার হেরে যাব সেজন্য নামব না। তো আমার মনে হয়, যা হয়েছে পেছনে তা আর স্মরণ করে লাভ নেই। পরশু আমাদের একটা ফাইনাল আছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যদিও কুমিল্লা টিম এই টুর্নামেন্টে যে কারও থেকে অনেক অনেক ভালো।'

মাশরাফির হাত ধরেই যেন পুরোপুরি বদলে গেলো সিলেট স্ট্রাইকার্স। বড় কোনো তারকা নেই। কিন্তু দলের সব সদস্যকে এক সুতোয় গেঁথেছেন তিনি। একটি দলে পরিণত করেছেন তিনি সিলেটকে। যে কারণে, রাউন্ড রবিন লিগ শেষ করেছে শীর্ষে থেকে। প্রথম কোয়ালিফায়ারে না পারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে শক্তিশালী রংপুরকে ১৯ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সিলেট।

ফাইনালে ওঠার কৃতিত্ব সৃষ্টিকর্তা এবং সতীর্থদের দিয়ে সিলেট অধিনায়ক আরও বলেন,‘তবে এর মানে এই নয় যে তাদের সঙ্গে আমরা আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারব না। পুরো টুর্নামেন্টে আমরা আমাদের যে স্বাভাবিক ক্রিকেট খেলে এসেছি,আমরা আমাদের মনোযোগ যদি ধরে রাখতে পারি, নিজ নিজ অবদান যদি ঠিকমতো হয়, তাহলে কেন নয় (ফাইনালে জয়)? কিন্তু আমার ম্যাজিক বলে কিছু নেই। সব আল্লাহর রহমত আর ভালো খেলেছে ছেলেরা। আমি আশা করছি, তারা আরেকটা ভালো ম্যাচ খেলবে।'

এনএইচ