চোর সন্দেহে সিলেটে শেখ মো. সামিউল আলম ওরফে রাজন নামক ১৩ বছর বয়সী এই শিশুকে পিটিয়ে হত্যার ঘটনায় মর্মাহত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় মুশফিকুর রহিম। মানুষের এমন বিবেচনাহীন ও নিষ্ঠুর আচরণের প্রতিবাদও করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। প্রতিবাদ হিসেবে নিজের ফেসবুক ফ্যানপেজে একটি ছবি পোস্ট করেছেন মুশফিক। ছবিতে তাকে দেখা গেছে ‘সে নো টু চাইল্ড অ্যাবিউস’ বা ‘শিশু নির্যাতনকে না বলুন’ লেখা একটি প্ল্যাকার্ড হাতে।
শুধু এই ছবি পোস্ট করাই নয়, প্রতিবাদ হিসেবে মুশফিক লিখেছেন, ‘একটি নিষ্পাপ শিশুকে নির্যাতন করে মেরে ফেলার মতো বড় অপরাধ মনে হয় আর নেই। শিশু নির্যাতনকে না বলুন!’
মুশফিকের এই প্রতিবাদের সঙ্গে নিজেদের একাত্মতা প্রকাশ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হকসহ জাতীয় দলের বেশ ক’জন ক্রিকেটার। নিজেদের ফেসবুক ফ্যানপেজে মুশফিকের এই ছবিসহ পোস্ট শেয়ার করেছেন তারা। এ ছাড়া বিপুলসংখ্যক সাধারণ ভক্তও মুশফিকের সঙ্গে নিজেদের প্রতিবাদী কণ্ঠ মিলিয়েছেন।
এ পর্যন্ত মুশফিকের এই প্রতিবাদী পোস্টে ১,০২,৩৪১টি লাইক পড়েছে। এ ছাড়া তা শেয়ার করেছেন ৪,৪৩১ জন। এ ছাড়া ভক্তদের অনেকেই পোস্টের নিচে প্রিয় তারকার সঙ্গে সুর মিলিয়ে শিশু নির্যাতনের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদী মন্তব্যও লিখেছেন।
উল্লেখ্য, সিলেটের কুমারগাঁওয়ে গত বুধবার সকালে চোর সন্দেহে ১৩ বছরের সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং ইন্টারনেটে ছড়িয়ে দেয়। বৃহস্পতিবার ২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজন হত্যার ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।
ইতোমধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন বিভিন্ন পেশা-শ্রেণীর মানুষ। সরকার ও প্রশাসনের পক্ষ থেকেও দোষীদের গ্রেফতারের কার্যক্রম শুরু হয়েছে।
এএইচ





