টস ভাগ্য খুবই খারাপ বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। এবারের বিশ্বকাপের সবগুলো ম্যাচেই টসে হেরেছেন মাশরাফি। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষেও টস জিততে পারেননি বাংলাদেশের অধিনায়ক। শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে।
পাকিস্তানের বিপক্ষে হেরে বিশ্বকাপের সুপার টেন পর্বের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সেই ধাক্কা কাটতে না কাটতেই বাংলাদেশকে শুনতে হয়েছে বড় দুইটি দুঃসংবাদ। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ করা হয়েছে তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে। ফলে কিছুটা বিমর্ষ অবস্থার মধ্যেই আজ বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছেন মাশরাফিরা।
নিষেধাজ্ঞা পাওয়ায় তাসকিন-সানি যে থাকবেন না তা আগে থেকেই জানা ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলে নেই তামিম ইকবালও। তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন বাঁহাতি বোলার মুস্তাফিজুর রহমান। তাসকিন-সানির পরিবর্তে দলে আসা শুভাগত হোম ও সাকলায়েন সজীব আছেন প্রথম একাদশে।
বাংলাদেশের মতো অস্ট্রেলিয়ারও বিশ্বকাপ মিশন শুরু হয়েছে হার দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ রানে হেরেছিল অস্ট্রেলিয়া। শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকার জন্য মরীয়া হয়েই মাঠে নামবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ।
বাংলাদেশ দল: মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম, সাকলায়েন সজীব, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন





