এগিয়ে চলছে সময়, ঘনিয়ে আসছে বিশ্বকাপ। দিনক্ষণ গণনা শুরু হয়েছে অনেক আগেই। তবে সেই মহেন্দ্রক্ষণে বাকি এখনো ৬৮ দিন। এই ৬৮ সংখ্যাটির সঙ্গে বড় মিল রয়েছে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের। ৬৮টি গোল নিয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল করার রেকর্ড ধরে রেখেছেন জেরার্ড মুলার ও মিরোস্লাভ ক্লোসে। মজার বিষয় হলো এই দুই জন ফুটবলারই জার্মানির।
গত সেপ্টেম্বরের আগে এই রেকর্ডের একক মালিক ছিলেন জেরার্ড মুলার। রেকর্ডটি গড়তে মাত্র ৬২ ম্যাচ খেলেছিলেন তিনি। সেপ্টেম্বরে মুলারের রেকর্ড ভাগ বসিয়েছেন স্বদেশী ক্লোসে। ১৩১ ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছেন তিনি।
এবার মুলারের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়ার অপেক্ষায় রয়েছেন ক্লোসে। ব্রাজিল বিশ্বকাপে মাঠে নামবেন তিনি। এই বিশ্বকাপে শুধু মুলারের রেকর্ডই নয়, ভেঙ্গে দিতে চান রোনালদোর রেকর্ডও। ১৫ গোল নিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি ধরে রেখেছেন ব্রাজিলিয়ান তারকা। ১৪ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন জার্মান তারকা ক্লোসে।