ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দ্বিতীয় ম্যাচেও হেরে গেল মাশরাফি বিন মর্তুজার দল কলাবাগান ক্রীড়া চক্র। মঙ্গলবার নাসিরদের দল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের কাছে মাত্র ৪ রানে হেরেছে কলাবাগান।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রাইম দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজা।
ব্যাট করতে নেমে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করে প্রাইম দোলেশ্বর।
নাসির হোসেন শত রান থেকে মাত্র ৩ রান দূরে থাকতে আউট হন। ৭৫ বলে ১১ চার এবং ১ ছক্কায় ৯৭ রান করেন। এ ছাড়া ওপেনার ইমিতায়জ হোসেন ৭৩, ফরহাদ রেজা ৪৭ এবং রকিবুল হাসান ৩৪ রান করেন।
কলাবাগানের পক্ষে অধিনায়ক মাশরাফি ৫০ রানে ৩ উইকেট লাভ করেন। এ ছাড়া ২টি করে উইকেট নেন আব্দুর রাজ্জাক ও দেওয়ান সাব্বির।
২৮৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে কলাবাগান জয়ের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েও ছিল। কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি তারা। মেহরাব হোসেন জুনিয়র ৮৭ বলে ৮৬ রানের অসাধারণ একটি ইনিংস খেলেও দলকে জয়ের বন্দরে নোঙর করাতে পারেননি।
শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮৩ রান তুলতে সক্ষম হয় কলাবাগান। ম্যাচে অধিনায়ক মাশরাফিসহ কলাবাগানের ৫ ব্যাটসম্যান রান আউটের শিকার হন।
মেহরাব ছাড়া জসিমউদ্দিন ৪৫, তাসামুল হক ও তানভির হায়দার প্রত্যেকে ৪৪ রান করেন।
প্রাইম দোলেশ্বরের পক্ষে রাহাতুল ফেরদাউস ৮ ওভার বোলিং করে ৪০ রানে ৩ উইকেট নেন। এ ছাড়া ফরহাদ রেজা একটি উইকেট নেন।
এর আগে প্রথম ম্যাচে তামিম ইকবালের দল আবাহনী লিমিটেডের কাছে সাত উইকেটে হেরেছিল মাশরাফির দল।
ওএফ





