দুজনের সম্পর্ক চুকেবুকে গেছে গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে। এর কয়েক দিন পরই রোসিও অলিভার বিরুদ্ধে মামলা ঠুকে দেন ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টাইন কিংবদন্তি অভিযোগ করেন, তাঁর বাসা থেকে ঘড়ি ও হিরার কানের দুল চুরি করেছেন অলিভা। সাবেক প্রেমিকাকে গ্রেপ্তার করাতে এবার ইন্টারপোলের সহায়তা চাইলেন ৫৩ বছর বয়সী ম্যারাডোনা।

হুট করেই ২৩ বছর বয়সী অলিভার সঙ্গে সম্পর্কের ইতি টানেন ম্যারাডোনা। স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গিয়ার সঙ্গে গোপন যোগাযোগ আছে, এমন সন্দেহ থেকেই নাকি এই সিদ্ধান্ত। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে গত মার্চে দুবাই থেকে আর্জেন্টিনায় ফিরে যান অলিভা। এর কিছু দিন পরই দুবাইয়ের একটি আদালতে মামলা ঠুকে দেন ম্যারাডোনা।

আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক অভিযোগ করেন, আর্জেন্টিনায় যাওয়ার সময় মূল্যবান জিনিসপত্র চুরি করেছেন অলিভা। সেগুলোর মূল্য নাকি আড়াই লাখ পাউন্ডেরও বেশি। অলিভাকে গ্রেপ্তার করে দুবাইয়ে ফিরিয়ে আনতে এখন ইন্টারপোলের সহায়তা চাইছেন ম্যারাডোনা।

ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলা আমেরিকা টিভিকে বলেছেন. ‘তিনি (অলিভা) যেকোনো জায়গায় গ্রেপ্তার হতে পারেন। তাঁকে গ্রেপ্তারে আন্তর্জাতিক ওয়ারেন্ট জারির নির্দেশ চেয়েছি আমরা।

আদালতের কৌঁসুলি তা ইন্টারপোলে স্থানান্তর করতে পারেন।’মোরলা বলেন, ‘অলিভাকে সংযুক্ত আরব আমিরাতে ফিরে আসতে হবে। কীভাবে তিনি জিনিসগুলো নিয়ে গেছেন, এর ব্যাখ্যা দিতে হবে।’

ম্যারাডোনা জানিয়েছেন, অলিভার কঠোর শাস্তি হোক, এমনটা চান না তিনি। খোয়া যাওয়া জিনিসপত্রগুলো কেবল ফেরত পেতে চান, ‘আমি যা চাই তা হলো জিনিসপত্রগুলো ফিরে পেতে। যে ঘড়িগুলো খোয়া গেছে সেগুলো ফিরে পেতে চাই। খাঁটি হিরার যে কানের দুলগুলো আমার বাড়ি থেকে হারিয়ে গেছে, সেগুলো যথাস্থানে দেখতে চাই।’

পেশায় ফুটবলার অলিভা অবশ্য বেশ আগেই তাঁর বিরুদ্ধে উঠা চুরির অভিযোগ অস্বীকার করেছেন। ম্যারাডোনা তাঁকে অপদস্ত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

ম্যারাডোনা-অলিভার প্রথম পরিচয় ২০১০ সালে। তখন অবশ্য তাঁদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়নি। তখনকার প্রেমিকা ভেরোনিকা ওজেদার সঙ্গে তখন সময়টা বেশ কাটছিল ম্যারাডোনার। ভেরোনিকার গর্ভেই গত বছরের ফেব্রুয়ারিতে জন্ম নেয় আর্জেন্টাইন কিংবদন্তির দ্বিতীয় পুত্র ডিয়েগো ফার্নান্দো। এই সন্তানের জন্ম নিয়েই ভেরোনিকার সঙ্গে ছাড়াছাড়ি হয় ম্যারাডোনার। তিনি নাকি এই সন্তান চাননি।

এরপরই তরুণী অলিভার জীবনের সঙ্গে নিজেকে জড়ান ম্যারাডোনা। সেটাও এক বছরও টেকেনি। সূত্র: এএফপি।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ