দীর্ঘ চার মাস ফুটবলে নিষিদ্ধ উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। মৌসুমের শুরুতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দিলেও অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। সেই সুদিনটি আসছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার প্রথম মুখোমুখি লড়াই। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে অভিষেক হওয়াকে স্মরণীয় করে রাখতে প্রস্তুত হচ্ছেন সুয়ারেজ।
ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইনজুরির কারণে মাঠে নামা হয়নি সুয়ারেজের। দ্বিতীয় ম্যাচে আলো ছড়ালেও শেষ ম্যাচে ইতালির ডিফেন্ডার গিওর্গিও চেইলিয়ানিকে কামড় দেন তিনি। ফলে চারমাস তাকে ফুটবল সম্পর্কিত সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করে ফিফা।
অবশেষ আন্তর্জাতিক ক্রীড়া আদলতে আপিল করেন সুয়ারেজ। আদালত তাকে অনুশীলনসহ ক্লাবের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে অনুমতি দেয়। কিন্তু মূল খেলায় নিষিদ্ধই থেকে যান তিনি। ফলে চার মাস পরই মাঠে নামতে হচ্ছে তাকে।
আগামী ২৫ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে। এই ম্যাচে রিয়াল মাদ্রিদ স্বাগত জানাবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে। সেই ম্যাচে মেসি-নেইমারের সাথে মাঠে নামতে প্রস্তুত হচ্ছেন সাবেক লিভারপুল তারকা।
কাতালান ক্লাবটি সুয়ারেজের ওই ম্যাচে খেলার বিষয় অফিসিয়াল ওয়েবসাইটে নিশ্চিত করেছে।
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





